লিংকে ক্লিক করে দেখুন ভিডিও
শিশুদের ঘিরে আট দিনের আনন্দযজ্ঞ। শৈশবের রঙিন স্বপ্নের উদযাপন চলছে রুপোলি পর্দায়। নবম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব জমজমাট কচিকাঁচাদের ভিড়ে। রবিবার, ১৯ জানুয়ারি শুরু হয়েছে চলচ্চিত্রের এই মহাভোজ, চলবে ২৬ জানুয়ারি, শনিবার পর্যন্ত।
নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবন, অহীন্দ্র মঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবন, রবীন্দ্র তীর্থ, স্টার থিয়েটার, – শহরের এতগুলি প্রেক্ষাগৃহ জুড়ে ৩৫টি দেশের ২৫০-টিরও বেশি ছবি দেখানো হচ্ছে এবারের উৎসবে। থাকছে সত্যজিৎ রায়ের ‘ফটিকচাঁদ’, মাজিদ মাজিদির ‘চিল্ড্রেন অফ হেভেন’, আইয়াজ খানের ‘হামিদ’, মণীশ সাইনির ‘দহ’, সৌকর্য ঘোষালের ‘রেনবো জেলি’, মৃত্তিকা গুণের ‘কালো মেঘের ভেলা’, টোকন ঠাকুরের ‘রাজপুত্তুর’-এর মতো বেশ কিছু নতুন ও পুরোনো মন ভালো করা সিনেমা।
এবারের শিশু চলচ্চিত্র উৎসবের থিম ‘টোয়াইলাইট ফিল্ম’। চলচ্চিত্রের মধ্যে যেভাবে মিশে গেছে জাদু, খেয়ালি কল্পনা এবং ভৌতিক অলৌকিকতার অনুভূতি, সেটাই উঠে এসেছে এবারের থিমে। গগনেন্দ্র প্রদর্শশালায় এই থিম নিয়েই চলছে এক্সিবিশন। নাম ‘টোয়াইলাইট টেলস’। এই থিমেই সেজে উঠেছে নন্দন চত্বর। গা ছমছমে এক মায়াময় জগৎ সৃষ্টি হয়েছে সেখানে। আলো-আঁধারির খেলায় যেমন কচিকাঁচারা অভিভূত, তেমনই মুগ্ধ হচ্ছেন বড়োরাও। লিংকে ক্লিক করে দেখে নিন তারই ভিডিও।