কালীপুজোর কলকাতায় বাংলা চলচ্চিত্র, সত্যজিৎ রায়; ‘নন্দন’-এর আদলে মণ্ডপ

কালীপুজোয় বিশেষভাবে সেজে উঠছে ঢাকুরিয়া তরুণ মহল

বাংলা চলচ্চিত্রের একশো বছর উপলক্ষে কালীপুজোয় বিশেষভাবে সেজে উঠছে ঢাকুরিয়া তরুণ মহল। পাশাপাশি এই ক্লাব এবার ৭৫তম বর্ষে পদার্পণ করল। সবমিলিয়ে বেশ জমজমাট ব্যাপার। গতকাল বৃহস্পতিবার একটি প্রদর্শনী ও আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল। সত্যজিৎ রায়ের বহু দুর্লভ ছবি এবং তাঁর সিনেমার বিভিন্ন দৃশ্য দিয়ে সাজানো হয়েছিল এই প্রদর্শনী। সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দিয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, বরুণ চন্দ, মমতাশঙ্কর, দীপঙ্কর দে প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা।

নিজেদের থিমেও রয়েছে শিল্পের ছোঁয়া। মণ্ডপ নির্মিত হয়েছে নন্দন-এর আদলে। কলকাতার অন্যতম শিল্পচর্চার স্পেস হল নন্দন। যে সিনেমাহলটির সঙ্গে জড়িয়ে আছে সত্যজিৎ রায়ের নামও। নন্দনের লোগো ডিজাইন করে দিয়েছিলেন রায়বাবু। সাবেকি প্রতিমায় সেজে উঠবে অমাবস্যার রাত। আগামী ২৬ অক্টোবর শনিবার ঢাকুরিয়া তরুণ মহলের এই পুজো উদ্বোধন করবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Developed by DXDasia