
হ্রদে ভিড় জমায় অসংখ্য পাখি
পুরুলিয়ার এক ছোট্ট গ্রাম বড়ন্তি। রঘুনাথপুর মহকুমায় বড়ন্তি হ্রদের পাশে। থাকেন কয়েক ঘর আদিবাসী । নিরিবিলি এই গ্রাম ধীরে ধীরে হয়ে উঠছে ট্যুরিস্ট ডেস্টিনেশন। আসানসোল শহরের কাছেই। দূরত্ব মাত্র ৩৮ কিলোমিটার। চারদিকে গরঙ্গি, পাঞ্চেত (পঞ্চকোট) এবং বিহারীনাথ পাহাড়। বড়ন্তি নদী বয়ে চলেছে মুরাডি পাহাড়ের গা ঘেঁষে।
গড় পঞ্চকোট
জায়গাটা রুখা-শুখা। প্রকৃতির সৌন্দর্য তাই সমভূমির থেকে আলাদা। আপনাকে হাতছানি দেবে পাহাড়, নদী, জঙ্গল। সূর্যাস্তের সময় হ্রদ হয়ে উঠবে মোহময়। বড়ন্তি নদীতে রামচন্দ্রপুর মিডিয়াম ইরিগেশন প্রোজেক্টের জন্য এই হ্রদ গড়ে উঠেছে জলাধার হিসেবে। আশেপাশে রয়েছে বেশ কিছু আকর্ষণ। যেমন মাত্র ১২ কিলোমিটার দূরে গড় পঞ্চকোট। ২১ কিলোমিটার দূরে জয়চণ্ডী পাহাড়, যেখানে সত্যজিৎ রায় ‘হীরক রাজার দেশে’-র শুটিং করেছিলেন। ১৮ কিলোমিটার দূরে ‘বাংলার আরাকু উপত্যকা’ বলে পরিচিত বিহারীনাথ। উইকএন্ডে গেলে সবক’টিই দেখে আসতে পারবেন।
জয়চণ্ডী পাহাড়
গভীর জঙ্গলের মধ্যে কয়েকদিন থাকতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের বড়ন্তি ইকো-ট্যুরিজম রিসর্টে। চারদিকে শাল, পিয়াল, মহুয়া, সেগুন গাছের সমারোহ। শীতের মরশুমে হ্রদে ভিড় জমায় অসংখ্য পাখি। দেখতে পাবেন জংলি খরগোশ আর শুয়োর। হরিণ ঘুরে বেড়ায় পাহাড়ের আশেপাশে। এমন পরিবেশে দারুণ জমবে পিকনিক। রাঢ় অঞ্চলে বেড়ানোর ইচ্ছে হলে বড়ন্তি আদর্শ জায়গা। ভ্রমণের সঙ্গে রয়েছে পাহাড়ে চড়ার সুযোগ।
বড়ন্তি ইকো-ট্যুরিজম রিসর্ট
নদীর ধার দিয়ে ড্রাইভ করে চলে যেতে পারেন পাঞ্চেত অথবা মাইথন বাঁধে। রঘুনাথপুরে গিয়ে দেখে আসুন তসর শাড়ির বিচিত্র সম্ভার। আরও অ্যাডভেঞ্চার চাইলে বড়ন্তি পাহাড়ে উঠতে পারেন। সঙ্গে একজন স্থানীয় গাইডকে নিলে ভালো হবে। পাহাড়ের মাথা থেকে গোটা অঞ্চলের দারুণ ভিউ পাবেন। চোখে পড়বে বাঁধের অপরূপ দৃশ্য এবং মায়াবী প্রকৃতি।
বড়ন্তি যাওয়ার সবথেকে ভালো সময় শীতকাল। মানে অক্টোবর থেকে ফেব্রুয়ারি। বর্ষাকাল বা জুলাই-সেপ্টেম্বরে বড়ন্তির আরেক রূপ। হ্রদ তখন কানায় কানায় ভর্তি। মার্চ থেকে জুন অর্থাৎ গ্রীষ্মকালেও যেতে পারেন। তবে মাথায় রাখবেন পুরুলিয়ার গরম এবং শুকনো আবহাওয়ার কথা।
শৈল্পিক ট্যুরিজম প্রপার্টি
জঙ্গলে রাত কাটাতে না চাইলে দুর্গাপুরে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের নিজস্ব শৈল্পিক ট্যুরিজম প্রপার্টি (পূর্বতন পথিক মোটেল)-তে কয়েকদিন থাকতে পারেন স্বচ্ছন্দে। বড়ন্তি থেকে সড়কপথে মাত্র ৯০ মিনিটের কাছাকাছি সময় লাগে। আরামে কেটে যাবে ছুটির ক’দিন। বুকিং এবং অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন –
West Bengal Tourism Development Corporation Ltd
DG Block, Sector-II, Salt Lake
Kolkata 700091
Phone: (033) 2358 5189, Fax: 2359 8292
Website: https://www.wbtdcl.com/
Email: visitwestbengal@yahoo.co.in, mdwbtdc@gmail.com, dgmrwbtdc@gmail.com
বড়ন্তি ইকো-ট্যুরিজম সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন http://barantiecotoruism.com/

