সামাজিক বনসৃজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে
আমফানের তাণ্ডবে নানা জায়গায় গাছ উপড়ে গিয়েছে। গৃহহীন হয়েছে অনেক পাখি। হাওড়া জেলায় ঘরছাড়া পাখিদের জন্য বাসা তৈরি শুরু করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
গোটা জেলাতেই গাছে গাছে কৃত্রিম বাসা লাগিয়ে দিচ্ছে ‘হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ’ নামের একটি সংগঠন। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসে জগৎবল্লভপুরের পাতিহাল, মানসিংহপুর ও সাদেশপুরে বিভিন্ন গাছের ডালে ৩০টি বাসা লাগানো হল। সেগুলি বানানো হয়েছে মাটির কলসির ভিতর ডালপালা বসিয়ে। বাসার মধ্যে মাটির পাত্রে জল রাখার বন্দোবস্ত আছে। তাঁদের আশা, ঘরছাড়া পাখিরা এই কৃত্রিম বাসাগুলোতে আশ্রয় নেবে। বাসাগুলি গাছে বসানোর পর সেগুলির রক্ষণাবেক্ষণও করবে এই সংগঠন। বাগনান, আমতা, শ্যামপুর প্রভৃতি অঞ্চলেও গাছের ডালে বাসা লাগানো হবে।
হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চে সাধারণ সম্পাদক শুভ্রদীপ ঘোষ ছাড়াও যুক্ত আছেন সম্রাট মণ্ডল, কল্যাণী পালুই, সায়ন দে প্রমুখ পরিবেশপ্রেমী মানুষেরা। তাঁরা ২০২০ সালের মধ্যে হাওড়া জেলায় ১০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছেন।
(ছবি – প্রতীকী)