লকডাউনের সঙ্গী গাছ, ওদের যত্ন নিন – বার্তা দিচ্ছেন শিলিগুড়ির শিক্ষক

করোনা সতর্কতা মেনে বাড়ির ছাদে গাছেদের যত্ন করছেন তিনি

স্কুলে পড়ানোর ফাঁকে সময় পেলে তিনি গোলাপ ফুলের চর্চায় মাতেন। এছাড়াও বাড়ির ছাদে রয়েছে অনেকরকম ফুলগাছ। তবে গোলাপ নিয়েই বেশি সময় অতিবাহিত করেন। এই লকডাউনের সময় আরও বেশি করে গোলাপ-সহ অনান্য ফুলগাছের পরিচর্যায় মেতেছেন শিলিগুড়ি রথখোলার বাসিন্দা তথা স্কুলের শিক্ষক পুলক জোয়ারদার।

শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠে শিক্ষকতা করেন পুলকবাবু। সেই পেশার সঙ্গে ফুলগাছের পরিচর্যা তাঁর বহুদিনের নেশা। প্রাইভেট টিউশন করেন না। সেই সময়গুলো তিনি ব্যয় করেন গোলাপ-সহ অন্য ফুলগাছের যত্নে। এখন লকডাউন চলতে থাকায় গোলাপের প্রতি যত্ন, ভালোবাসা আরও বেড়েছে। তিনি বলছেন, “অদৃশ্য ভাইরাস করোনার টেনশন কাটাতে আরও বেশি করে মন দিয়েছি ফুল গাছের পরিচর্যায়। তবে অবশ্যই করোনা সতর্কতা মেনে বাড়ির ছাদে এই কাজ করছেন তিনি। দুবেলা গাছে জল দেওয়া, গাছের মধ্যে সার প্রয়োগ প্রভৃতি চলছে।

ছাদে চলছে গাছের যত্ন নেওয়া 

স্কুলের ছাত্র-ছাত্রীদের তিনি বলছেন, “এখন এই লকডাউনের সময় তোমরা  টিভি বা মোবাইলের প্রতি বেশি নজর না দিয়ে গল্পের বই পড়তে পারো। তার সঙ্গে বাড়িতে যদি কোনও ফুল গাছ অযত্নে পড়ে থাকে সে সবের দিকে নজর দিতে পারো।”

দিনকে দিন আমরা প্রকৃতির প্রতি অত্যাচার করেছি। দূষণ ভয়াবহ আকার নিয়েছে। ফলে প্রকৃতিও কিন্তু আমাদের প্রতি বিরুপ হয়ে উঠছে। তাই এখন গাছকে বেশি করে ভালোবাসা প্রয়োজন বলে মনে করেন পুলকবাবু। করোনা দুর্যোগ কাটলে প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন। প্রকৃতি এবং ফুলগাছ আরও বিশদে বললে গোলাপের চর্চায় মাতলে মানুষের মন ও শারীরিক বিকাশও অনেকটা সহায়ক হয়ে উঠবে বলে জানিয়েছেন তিনি। আর এই লকডাউনের সময় বাড়ির টবে গাছের সঙ্গে সময় দেওয়া তো এককথায় অপূর্ব বলে তিনি উল্লেখ করেন।

পুলকবাবুর প্রিয় ফুল গোলাপ 

লকডাউন আমাদের অনেকের কাছেই হয়তো বোরডম নিয়ে আসছে। কিন্তু সব কিছু উপেক্ষা করে আমাদের অপেক্ষা করতে হবে একটা নতুন সুন্দর পৃথিবী গড়ার জন্য। যুগের পর যুগ যেভাবে গাছের প্রতি অন্যায় আমরা করেছি, সবকিছু এবার নতুন করে শুরু করতে হবে। আমাদের মনে রাখতে হবে, গাছই আমাদের একমাত্র আশ্রয়ের জায়গা।

Developed by DXDasia