দরিদ্রের সেবায় এগিয়ে এসেছেন জগৎবল্লভপুরের একঝাঁক তরুণ

লকডাউনের মধ্যে দুঃস্থদের কাছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন তাঁরা

করোনার মোকাবিলায় সারা দেশে চলছে লকডাউন। দিন আনা দিন খাওয়া বহু মানুষের রোজগার এখন বন্ধ। তাঁদের সাহায্য করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। নানা জায়গায় সামাজিক উদ্যোগও চোখে পড়ছে। হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকের একদল তরুণ যাবতীয় সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন দরিদ্র মানুষের সেবায়। 

জগৎবল্লভপুর ব্লকের নস্করপুর অঞ্চলের হিমাদ্রি পাত্র ও তনয় খাড়া নামের দুই যুবক এলাকার বয়স্ক মানুষদের বাড়িতে দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেওয়া শুরু করেন। আরও কিছু তরুণ সঙ্গী হন তাঁদের। সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্তে আসেন, দারিদ্রসীমার নিচে বসবাসকারী প্রান্তিক মানুষদের সাহায্য করতে বেশ খানিকটা অর্থের প্রয়োজন। তখন এলাকার শুভাকাঙ্ক্ষী মানুষদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, যেখানে শিক্ষক, ডাক্তার, ছাত্র-সহ সমাজের সর্বস্তরের মানুষ রয়েছেন। এই গ্রুপে সাহায্যের বার্তা দেওয়া হলে ভালো সাড়া পাওয়া যায়। অর্থ ছাড়াও বেবি ফুড, চাল, আলু এবং অন্যান্য সামগ্রী দিয়ে মানুষ সাহায্য করতে থাকেন। এরই মধ্যেই রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শুভঙ্কর মাইতি অনলাইনে পরিচিতদের থেকে অর্থ সংগ্রহ শুরু করেন।
    
দশ জনের একটি স্বেচ্ছাসেবক বাহিনী প্রতিদিন জগৎবল্লভপুর অঞ্চলের দুঃস্থ এবং অসহায় লোকেদের কাছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন। অধ্যাপক শুভঙ্কর মাইতি বলছেন, “সবার কাছে অনুরোধ, লক ডাউনের সময় বাড়ির বাইরে বেরোবেন না। প্রয়োজনীয় জিনিসের দরকার হলে আমাদের জানান। আমরা বাড়ি গিয়ে সেই জিনিস পৌঁছে দিয়ে আসব। সাধ্যমতো এই উদ্যোগের পাশে সবাই দাঁড়ান, সাহায্য করুন, এমনই আমাদের কামনা”।  

Developed by DXDasia