সংস্কৃত পড়াবেন মুসলিম, আদিবাসী শিক্ষকরা, সম্মিলনের বার্তা দিচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির

এটি দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ফিরোজ খান নামের এক মুসলমান সহকারী অধ্যাপককে নিয়োগ করার বিরুদ্ধে প্রবল বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন বেশ কিছু পড়ুয়া। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্কৃত বিদ্যা ধর্ম বিজ্ঞান (এসভিডিভি)-এর সাহিত্য শাখায় পড়ানোর জন্য ফিরোজ খানই সবথেকে যোগ্য প্রার্থী। কিন্তু একদল পড়ুয়া তা মানতে নারাজ। এই নিয়ে বিতর্কের আঁচ ছড়িয়ে পড়েছে সারা দেশে। এরই মধ্যে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির সংস্কৃত বিভাগে একজন মুসলিম এবং একজন আদিবাসী সহকারী অধ্যাপক নিয়োগ করে অনন্য নজির তৈরি করল।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি স্বশাসিত কলেজ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। ২০১৮ সালে কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ঘোষণা অনুযায়ী এটি দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। রামকৃষ্ণ মঠ ও মিশনের এই প্রতিষ্ঠান বরাবরই সর্বধর্মসমন্বয়ের কথা প্রচার করে আসছে। গত মঙ্গলবার বিদ্যামন্দিরের সংস্কৃত বিভাগে রমজান আলি এবং গণেশ টুডুকে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ করা হয়। পশ্চিমবঙ্গে এই প্রথম কোনো স্বশাসিত কলেজে একজন মুসলমান এবং একজন আদিবাসী শিক্ষক একসঙ্গে সংস্কৃতের পাঠ দেবেন। 

বিদ্যামন্দিরের দর্শন বিভাগের প্রধান শামিম আহমেদ মহাভারত নিয়ে পিএইচডি করেছেন। সংস্কৃত বিভাগে এই নিয়োগের প্রসঙ্গে সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, “‘মুসলমান’ বাংলা শিক্ষক বৈষ্ণব পদাবলী পড়াচ্ছেন, ‘হিন্দু’ ইতিহাস শিক্ষক ইসলামের ইতিহাস। আসলে তো বাংলা শিক্ষক বৈষ্ণব পদাবলী পড়াচ্ছেন, ইতিহাস শিক্ষক ইসলামের ইতিহাস”।

Developed by DXDasia