৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঁচ কিংবদন্তির জন্ম-শতবর্ষ উদযাপন

৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে KIFF 2024

রাজধানী শহরে শুরু হতে চলেছে সিনেমার সবচেয়ে বড়ো উৎসব। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪ (30th Kolkata International Film Festival 2024)। ইতিমধ্যেই KIFF-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে প্রতিযোগিতা বিভাগে মনোনীত ছবিগুলির তালিকা। এবারের উৎসবেও থাকছে মোট ১৫টি বিভাগ – ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, এশিয়ান সিলেক্ট (NETPAC), বেঙ্গলি প্যানোরমা, সিনেমা ইন্টারন্যাশনাল, স্পেশাল স্ক্রিনিং, আনহার্ড ইন্ডিয়া (Indian Rare Languages Films), ইন্ডিয়ান শর্ট ফিল্মস, ডক্যুমেন্টারি ফিল্মস; সঙ্গে থাকছে মাস্টারক্লাস, সেমিনার, ওয়ার্কশপ, রেট্রোস্পেকটিভ, ট্রিবিউট-সহ বেশ কয়েকটি বিভাগ৷

১৯৯৫ সাল থেকে শুরু হয়েছিল কলকাতা চলচ্চিত্র উৎসব। পরে আন্তর্জাতিক তকমা পায়। ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার বিশ্বের পাঁচ কিংবদন্তির জন্ম শতবার্ষিকী উদযাপন করা হবে। উৎসব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গিয়েছে, শতবর্ষ উদযাপন করা হবে তপন সিংহ, অরুন্ধতী দেবী, হরিসাধন দাশগুপ্ত, মার্লোন ব্রান্ডো এবং মার্সেলো মাস্ত্রোইয়ান্নির উল্লেখযোগ্য সিনেমা দেখিয়ে। বিশিষ্ট পরিচালক তপন সিংহের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তাঁর জীবন ও কাজকর্ম নিয়ে এক বিশেষ প্রদর্শনী পরিকল্পনা করা হয়েছে। বিশেষ ভাবে উল্লেখ্য, এবছর চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন গৌতম ঘোষ এবং ভাইস চেয়ারপার্সন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
 

Developed by DXDasia