চলচ্চিত্র উৎসবে নজর কেড়েছে ৫০ বছর আগের বিশ্বসেরা ৮টি ছবি

বিশ্ব সিনেমাকে ফিরে দেখা

বিশ্ব চলচ্চিত্রের সেরা রত্নগুলোকে বরাবরই তুলে আনে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মহানগরের বাসিন্দারা তো বটে, দূর-দূরান্ত থেকে সিনেপ্রেমীরা ছুটে আসেন এই চলচ্চিত্র উৎসব দেখার জন্য। এবারের উৎসবে বিশেষ আকর্ষণ ‘50 Years Celebration-Restored Classics’। ৫০ বছর আগে মুক্তি পাওয়া সারা পৃথিবীর ৮টি ছবি প্রদর্শিত হচ্ছে এই বিভাগে। সারা কলকাতা জুড়ে নানান প্রেক্ষাগৃহে সিনেমাগুলি দেখানোর ব্যবস্থা হয়েছে। চলুন, এক ঝলকে দেখে নেওয়া যাক, কী কী ছবি রয়েছে সেরা ৮-এর তালিকায়।

ব্রিটিশ পরিচালক জন শ্লেসিঞ্জেরের প্রথম হলিউড ছবি ‘মিডনাইট কাউবয়’। এটিই বিশ্বের ইতিহাসে একমাত্র এক্স-রেটেড (অর্থাৎ কেবল প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত) ছবি, যা কিনা শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে অস্কার পুরস্কার জিতে নিয়েছিল। পাশাপাশি, সেরা পরিচালক এবং সেরা রূপান্তরিত চিত্রনাট্যের জন্যও অস্কার পেয়েছিল ছবিটি। জেমস লিও হার্লিহির উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিতে ফুটে ওঠা দুই ভবঘুরের গল্প মন ছুঁইয়ে গেছে সবার। এবারের চলচ্চিত্র উৎসবে বিজলি সিনেমায় মঙ্গলবার ১২ নভেম্বর দুপুর আড়াইটের থেকে ছবিটি দেখানো হল। 

ব্রিটেনে নির্মিত মজার ছবি ‘দ্য ইটালিয়ান জব’। ইতালির তুরিন শহরের রাস্তা থেকে সোনার বাট চুরি করার গল্প নিয়েই এই সিনেমা। পরিচালনা করেছেন পিটার কলিনসন। আজ ১৩ অক্টোবর নন্দন ১-এ ছবিটি প্রদর্শিত হচ্ছে সকাল ৯টা থেকে।

‘নিউ হলিউড’ আন্দোলনের এক মাইলফলক হয়ে উঠেছিল মার্কিন পরিচালক ডেনিস হপারের ছবি ‘ইজি রাইডার’। রোড ড্রামার আঙ্গিকে দুই বাইক আরোহীর গল্প বলেছেন পরিচালক। সোমবার ১১ নভেম্বর নন্দন ১-এ সকাল ৯টা থেকে দেখানো হয়েছে এই ছবি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন দেশে এক বিশেষ ধরনের চলচ্চিত্র বেশ জনপ্রিয় হয়েছিল। এই সব ছবিতে ভালো আর মন্দের বিভাজন ছিল খুব অস্পষ্ট। নায়ক আর খলনায়কের মধ্যে খুব বেশি পার্থক্য থাকত না। অনেক সময়েই কাউবয় ঘরানায় ছবিগুলি নির্মিত হত। চলচ্চিত্রের ইতিহাসে এই ছবিগুলি রিভিশনিস্ট ওয়েস্টার্ন বলে খ্যাত। স্যাম পেকিনপা পরিচালিত ছবি ‘দ্য ওয়াইল্ড বাঞ্চ’ এরকমই একটি ছবি। মেক্সিকো-মার্কিন সীমান্তের এক ডাকাতের দলকে ঘিরে আবর্তিত হয়েছে ছবির কাহিনি। তখনকার দিনে ছবিটি কঠোর সমালোচনার মুখে পড়েছিল, কারণ, এই ছবিতে মানুষের স্থূল অমার্জিত আচরণগুলো তুলে আনা হয়েছিল বেশ খোলাখুলভাবে। এবারের চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখানো হল মঙ্গলবার ১২ নভেম্বর সকাল ৯টা থেকে নন্দন ১-এ।

বাবার খুনের প্রতিশোধ নিতে চায় এক জেদি মেয়ে। এক বুড়ো সামরিক অফিসারকে নিয়ে সে চলে খুনিকে ধরতে। এরকমই অ্যাডভেঞ্চারের ছবি ‘ট্রু গ্রিট’। চার্লস পর্টিসের উপন্যাস অবলম্বনে ছবিটি বানিয়েছেন পরিচালক হেনরি হাথাওয়ে। এই ছবিতে অভিনয় করে জন ওয়েন জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেতার অস্কার। আজ ১৩ নভেম্বর দুপুর আড়াইটের থেকে বিজলি সিনেমায় ছবিটি দেখানো হচ্ছে।

আলফ্রেড হিচককের ছবি ‘টোপাজ’ প্রদর্শিত হবে বৃহস্পতিবার ১৪ নভেম্বর দুপুর আড়াইটে থেকে বিজলি সিনেমায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ঠান্ডা লড়াই এই ছবির পটভূমি। এক ফরাসি গুপ্তচর ১৯৬২ সালের কিউবা ক্ষেপনাস্ত্র সংকটে জড়িয়ে পড়ে। এরপর, রাশিয়ার গুপ্তচর চক্রকে ধ্বংস করতে সে রওনা দেয় নিজের দেশ ফ্রান্সে। ১৯৬২ সাল নাগাদ ফ্রান্সে গুপ্তচরদের নিয়ে এক কেলেংকারি বেশ হৈচৈ ফেলেছিল। তারই ছায়া অবলম্বনে হিচকক ছবিটি বানিয়েছিলেন। 

রেল ডাকাতির গল্প ‘বাচ কাসিডি অ্যান্ড দ্য সান্ডান্স কিড’। পরিচালক জর্জ রয় হিল। চারটে অস্কার পুরস্কার জিতে নিয়েছিল ছবিটি। বৃহস্পতিবার ১৪ নভেম্বর সকাল ৯টা থেকে নন্দন ১-এ ছবিটি দেখানো হবে। 

পঞ্চাশ বছর পার করা সেরা চলচ্চিত্রের তালিকায় সত্যজিৎ রায়ের ছবি থাকবে না, তা কীভাবে সম্ভব? তাঁর ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবিটিও রয়েছে এই বিভাগে। কালজয়ী এই ছবিটি সম্পর্কে নতুন করে আর নাই বা বললাম। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের দিন সিনেমাটি একবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রদর্শিত হয়েছে। আরেকবার যদি বড়ো পর্দায় ছবিটি দেখতে চান, ১৫ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় নন্দন ১-এ গিয়ে দেখে আসতে পারেন। 

২৫ বছরে পা দিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে থিম মিউজিক নির্মাণ করেছেন বিক্রম ঘোষ। গোটা উৎসব জুড়ে ৭৬টি দেশের ৩৬৬টি সিনেমা দেখানো হচ্ছে ১৭টি প্রেক্ষাগৃহে। 

Developed by DXDasia