কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখা যেতে পারে এই বাঙালি পরিচালকদের ছবি

বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিভাগে দেখানো হতে চলেছে বাঙালি পরিচালকদের নির্মিত নতুন ছবি

প্রকাশিত হয়েছে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সম্পূর্ণ সূচি। রেস্টর্টেড ক্লাসিক্‌স, আঞ্চলিক ভাষায় ফোকাস্‌ড কানাডা ছবি, মৃণাল সেন-চিন্ময় রায়-গিরিশ কারনাড ট্রিবিউট, মাস্টারস অফ কমেডি, ফোকাস কান্ট্রি জার্মানি-সহ থাকছে সেন্টেনারি ট্রিবিউট বিভাগ। প্রতিবছরের মতোই বিদেশি চলচ্চিত্রের পাশাপাশি কী কী বাংলা ছবি বা বাঙালি পরিচালকদের ছবি থাকছে, তা নিয়ে দর্শকদের আগ্রহ থাকে বরাবরই। এবছরেও তার অন্যথা নয়। বেঙ্গলি প্যানোরমা ছাড়াও আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিভাগে দেখানো হতে চলেছে বাঙালি পরিচালকদের নির্মিত নতুন ছবি।

এই তালিকায় রয়েছে মায়েস্ত্রো বিভাগে বুদ্ধদেব দাশগুপ্তের ছবি ‘উড়োজাহাজ’। যেখানে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল এবং পার্নো মিত্র। এই বিভাগেই রয়েছে গৌতম ঘোষের নতুন হিন্দি ছবি ‘রাহগির’। যেখানে আদিল হুসেন ও তিলোত্তমা সোমকে দেখা যাবে। এশিয়ান সিলেক্টের নেটপ্যাক অ্যাওয়ার্ড বিভাগে থাকছে সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহ পরিচালিত ‘শ্রাবণের ধারা’। সৌমিত্র চট্টোপাধ্যায়, গার্গী রায় চৌধুরী এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিল্মস-এ রয়েছে ইন্দ্রাশিস আচার্যের ‘পার্সেল’। যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। রয়েছে অনীক দত্তের নতুন ছবি ‘বরুণবাবুর বন্ধু’। এছাড়াও অনেক নতুন বাংলা ছবি রয়েছে। কবে কোথায় ছবিগুলি দেখানো হবে জানতে ফিল্ম ফেস্টিভ্যালের ওয়েবসাইটে যেতে হবে।

Developed by DXDasia