
একজন বাঙালি চিত্রপরিচালকের কাজের সামনে ফের নতজানু হচ্ছে আমেরিকা। দেশভাগ এবং কবিতা কীভাবে ছুঁয়ে আছে ঋত্বিক ঘটকের সিনেমাকে, তা ফের তলিয়ে দেখতে চাইছে নিউ ইয়র্কের বিখ্যাত ফিল্ম অ্যাট লিঙ্কন সেন্টার। আগামী ১ নভেম্বর থেকে ৬ নভেম্বর, ফিল্ম অ্যাট লিঙ্কন সেন্টারই আয়োজন করতে চলেছে ‘কবিতা এবং দেশভাগ: ঋত্বিক ঘটকের সিনেমা’ শীর্ষক একটি অনুষ্ঠান। ঋত্বিক ঘটকের সাতটি সিনেমা প্রদর্শিত হবে এখানে। ‘অযান্ত্রিক’, ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, ‘সুবর্ণরেখা’, ‘তিতাস একটি নদীর নাম’ এবং ‘যুক্তি তক্কো আর গপ্পো’-র প্রদর্শনীকে কেন্দ্র করে অসামান্য ট্রেলারও বের করেছে ফিল্ম অ্যাট লিঙ্কন সেন্টার। সেখানে ‘বেঙ্গলি মাস্টার অব ইন্ডিয়ান সিনেমা’ ঋত্বিককে নতুন করে আবিষ্কারের ডাক।
এরই পাশাপাশি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে চলেছে ‘গ্লোবাল ঋত্বিক’ শীর্ষক আলোচনাসভা। গোটা বিশ্ব থেকে বিখ্যাত চিত্র সমালোচকেরা যোগ দেবেন এই অনুষ্ঠানে। ৪ নভেম্বর, ঋত্বিক ঘটকের জন্মদিন। সেই উপলক্ষ্যেই নভেম্বরের প্রথম সপ্তাহ জুড়ে ঋত্বিক ঘটকের কাজকে ফিরে দেখতে চাইছে আমেরিকার এই দুটি বিখ্যাত প্রতিষ্ঠান। তাঁর মৃত্যুর পরে কেটে গেছে ৪৫টা বছর। তারপরেও ঋত্বিককে নিয়ে মুগ্ধতা কাটেনি গোটা বিশ্বের। পৃথিবীজুড়ে ছিন্নমূল মানুষের সংখ্যা যখন দিন-দিন বাড়ছে, তখনই যেন নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠছেন ঋত্বিক ঘটক। তাঁর সিনেমার ভাষাকে ফিরে ফিরে পড়তে চাইছে বিশ্ব।