উত্তরপাড়ায় শুরু হল দুষ্প্রাপ্য লিটল ম্যাগাজিন সংগ্রহশালা

জীবনস্মৃতি আর্কাইভের একটি উদ্যোগ

লিটল ম্যাগাজিন শব্দে যুগপৎ মিশে আছে স্বপ্ন ও সংগ্রাম। ‘বাংলা সাহিত্যে পাণ্ডুর রং ধরেছে। একমাত্র লিটল ম্যাগাজিনই পারে রক্ত সরবরাহের কাজটি করে তাকে বাঁচাতে।’ এমন একটি কথা একদা বলেছিলেন মতি নন্দী। লিটল ম্যাগাজিনে লিখেই উত্থান ঘটেছে মতি নন্দী-সহ বহু খ্যাতনামা লেখকের। কিন্তু লিটল ম্যাগাজিন (Little Magazine) সম্পাদনা, প্রকাশ হয় মূলত ব্যক্তিগত বা গোষ্ঠীভিত্তিক চেষ্টায়। কোনও বড়ো প্রকাশনা সংস্থার সাহায্য ছাড়াই। তাই এর টিকে থাকার লড়াইও প্রবল। সেই লড়াইয়ের পাশে এসে দাঁড়িয়েছে উত্তরপাড়ার জীবনস্মৃতি আর্কাইভ। দুষ্প্রাপ্য ছোট পত্রিকার আবাস : একটি ছোট পত্রিকা সংরক্ষণ ও গবেষণা প্রকল্প নামে একটি দুষ্প্রাপ্য লিটল ম্যাগাজিন সংগ্রহশালা খোলা হয়েছে সেখানে। গত ৫ নভেম্বর, ২০২৩, রবিবার, বিকেল ৫.৩০-এ এই সংগ্রহশালাটির উদ্বোধন করা হয়েছে।

বাংলা সাহিত্যের দিনবদলের, বাঁকবদলের প্রতিলিপি লিটল ম্যাগাজিন। বিষয়ভাবনা, আঙ্গিক, প্রেক্ষাপট, সাহিত্যরীতি- লিটল ম্যাগাজিন বাংলা সাহিত্যের বিবর্তনের সাক্ষ্মী। প্রমথ চৌধুরীর ‘সবুজপত্র’, বুদ্ধদেব বসুর ‘কবিতা’, পঞ্চাশের দশকে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কৃত্তিবাস’, সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘এক্ষণ’, লিটল ম্যাগাজিনের বৈশিষ্ট্য বহুধাবিস্তৃত। মানুষের কথা বলা, কবিতার কথা বলা, স্বপ্নের বেঁচে থাকার কথা বলা লিটল ম্যাগাজিন যেন নিজেই এক আন্দোলন। “লিটল ম্যাগাজিন আন্দোলনের পুরোধা ছিলেন প্রয়াত সন্দীপ দত্ত। তাঁর তৈরি লিটল ম্যাগাজিন সংগ্রহশালা যে আদর্শকে প্রাণ দিয়েছে, সেই আদর্শ ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। বহু জেলাতেও লিটল ম্যাগাজিন মেলা বসে। অনেক সাহিত্যপ্রেমী ব্যক্তিগতভাবে লিটল ম্যাগাজিন সংগ্রহ করেন। আমরাও সেই আদর্শের অনুবর্তী হয়েই এই কাজে ব্রতী হয়েছি। সেই আদর্শ হলো লিটল ম্যাগাজিনকে বাঁচিয়ে রাখার, জাগিয়ে রাখার আদর্শ।” বঙ্গদর্শন.কম-কে বলেন আর্কাইভের কিউরেটর অরিন্দম সাহা সরদার। গত ছ’বছর ধরে প্রায় আট হাজার লিটল ম্যাগাজিন সংগ্রহ করা হয়েছে। প্রকাশ করা হয়েছে সংগৃহীত ম্যাগাজিনের একটি ডিজিটাল তালিকাও। অরিন্দম আরও জানান, “এই উদ্যোগটি আমরা উৎসর্গ করেছি অধ্যাপক অতীশরঞ্জন বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রসংগীত শিক্ষক সুভাষ চৌধুরী, রবীন্দ্রসংগীত শিল্পী ঋতুপর্ণা মতিলাল এবং নাট্যকর্মী সৌরভ দত্তের স্মৃতির উদ্দেশ্যে।” জানা গেল, অতীশরঞ্জন বন্দ্যোপাধ্যায়, সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুভাষ চৌধুরী, ব্রহ্মমোহন ঠাকুর, সৌরভ দত্ত, অজয় গুপ্ত, হিরণ মিত্র, মীরাতুন নাহার, ইন্দ্রজিৎ চৌধুরী, অভীককুমার দে, ইন্দ্রপ্রমিত রায়, প্রমুখের ব্যক্তিগত সংগ্রহের লিটল ম্যাগাজিন থাকছে এই সংগ্রহশালায়। 

সংগ্রহশালাটিতে রয়েছে- সবুজপত্র, কবিতা, পরিচয়, কবি ও কবিতা, গাঙ্গেয়, গাঙ্গেয় পত্র, চতুরঙ্গ, কৃত্তিবাস, এক্ষণ, বারোমাস, বহুরূপী, চারণপর্ব, চতুর্দিক, অগ্রণী, গল্পকবিতা, আন্তর্জাতিক ছোটোগল্প, সীমান্ত, শিক্ষা, মুখর, পা, গণনাট্য, গ্রুপ থিয়েটার, মহাদিগন্ত, প্রস্তুতিপর্ব, সমতট, জিজ্ঞাসা, শিল্পতরু, উত্তরাধিকার, কলকাতা, এবং মুশায়েরা, তটরেখা, একালের রক্তকরবী, রক্তকরবী, গল্পপত্র, শিস, কালি ও কলম, লোক লৌকিক, জলার্ক, বর্তিকা, এবং এই সময়, অতিথি, পূর্বাদ্রি, মধুপর্ণী, নন্দন, আবর্ত, নীললোহিত, নহবত, প্রতিবিম্ব, দাহপত্র, সুদক্ষিণা, কালপুরুষ, ঐকতান প্রভৃতি পত্রিকা।

লিটল ম্যাগাজিন সংগ্রহশালাটির উদ্বোধন করেন বিশিষ্ট ইতিহাসবিদ ও রবীন্দ্রগবেষক উমা দাশগুপ্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় যাদুঘরের প্রাক্তন অধিকর্তা এবং প্রাবন্ধিক অনুপকুমার মতিলাল, ‘প্রতিবিম্ব’ পত্রিকার সম্পাদক ও লেখক প্রশান্ত মাজী। রবীন্দ্রচর্চায় বিশেষ অবদানের জন্য উমা দাশগুপ্তকে জীবনস্মৃতি সম্মাননা ২০২৩ প্রদান করা হয়। সোমবার, অর্থাৎ, ৬ নভেম্বর থেকেই পাঠক ও গবেষকরা সংগ্রহশালাটি ব্যবহার করতে পারবেন। 

 

 

লিটল ম্যাগাজিন বাংলা সাহিত্যের এক মহাসাগর। যেখানে আছে মাটির টান আর মানুষের গল্প। আছে স্বপ্ন, চেতনা, বোধ। বাংলা সাহিত্যের বিবিধতার প্রতীক লিটল ম্যাগাজিন। তাকে বাঁচিয়ে রাখার, ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ সফল ভাবে বহরে আরও বেড়ে উঠুক। 

Developed by DXDasia