বরানগরে শিশু-মহিলা-দরিদ্রের সেবায় এগিয়ে এসেছেন একদল তরুণী

তাঁরা গড়ে তুলেছেন এক স্বেচ্ছাসেবী সংগঠন – ‘প্রতিশ্রুতি’

করোনা মহামারির বিরুদ্ধে লড়াই জোরদার করতে লকডাউন চলছে সারা দেশে। লকডাউনে বহু গরিব দিন আনা দিন খাওয়া মানুষের রোজগার বন্ধ। অনেক ক্ষেত্রে শিশু এবং মহিলারাও সমস্যার মধ্যে পড়েছেন। এর মধ্যে নানা মানবিক উদ্যোগও চোখে পড়ছে। দেশের বিভিন্ন প্রান্তে সরকারি উদ্যোগের পাশাপাশি আম-জনতাও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন, প্রয়োজনে গড়ে তুলছেন ছোটোবড়ো সংগঠন। এই সংকটময় পরিস্থিতিতে বরানগরের একদল তরুণী সংঘবদ্ধ হয়ে এলাকার শিশু, মহিলা ও দরিদ্র মানুষদের সেবা করে চলেছেন। 

বরানগরের এক ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজকুমারী মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সেই স্কুলের ২০১০ সালের মাধ্যমিক ব্যাচের কিছু প্রাক্তন ছাত্রী ঠিক করলেন, তাঁরা জোট বেঁধে সাধ্যমতো অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। বরানগর অঞ্চলেই তাঁদের শৈশব-কৈশোর কেটেছে। লকডাউনের সময়ে নিজেদের এলাকার জন্য কিছু করতে প্রাণ ব্যাকুল হয়ে উঠেছিল। তাই মহিলা, শিশু ও চরম কষ্টে থাকা গরিবদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তাঁরা গড়ে তুললেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন – ‘প্রতিশ্রুতি’। 

তাঁদের প্রথম পর্যায়ের কাজ শুরু হয় বরাহনগরের ১ ও ২৯ নম্বর ওয়ার্ডে একটি সমীক্ষার মাধ্যমে। দ্বিতীয় পর্যায়ে এই এলাকাগুলির দিনমজুরদের জন্য রেশন, মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন এবং তাদের সন্তানদের জন্য দুধ, সাবু, বিস্কুট, হরলিক্স সংগ্রহ করা হয়। তৃতীয় পর্যায়ে করোনা ভাইরাসের থেকে সুরক্ষিত থাকার সব রকম পদ্ধতি অবলম্বন করে দুঃস্থ মানুষদের কাছে সেগুলি পৌঁছে দিলেন তাঁরা। 

প্রথম দিকে ২৫-৩০ জন মিলে কাজ শুরু করেছিলেন। পরবর্তীকালে এই উদ্যোগে সামিল হন প্রায় ২০০ জন। সংহতি দাস, সুপ্রিমা মণ্ডল, অঙ্কিতা ঘোষ, সম্পিতা নিয়োগী, সোহিনী মৈত্র এবং আরও অনেকেই ‘প্রতিশ্রুতি’-র সক্রিয় সদস্য। স্থানীয় মানুষেরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। 

ঋতুমতী মহিলাদের স্যানিটারি ন্যাপকিন, শিশুদের প্রয়োজনীয় কিছু খাবার, আর চরম দুস্থ পরিবার এবং ব্যক্তিদের শুকনো খাবার দেওয়ার পরিকল্পনা নিয়েছেন তাঁরা। এলাকা নির্দিষ্ট করে সরাসরি সেখানে গিয়ে সমীক্ষা করছেন। তালিকা তৈরি করে শুরু করেছেন শুকনো খাবার, স্যানিটারি ন্যাপকিন, বাচ্চাদের খাবার পৌঁছে দেওয়ার কাজ। তাঁদের এই মানবিক প্রয়াসকে যেমন সাধুবাদ জানাচ্ছেন সবাই, তেমনি এই উদ্যোগ করোনার বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জোগাচ্ছে এলাকাবাসীদের। 

‘প্রতিশ্রুতি’-এর অন্যতম সদস্য ঐশ্বর্যা বাগ জানালেন, “আমরা অঙ্গীকারবদ্ধ। সারা বিশ্ব জুড়ে আমাদের এই বিদ্যালয়ের ছাত্রীরা ছড়িয়ে পড়েছে। তারাও এগিয়ে এসেছে আমাদের উদ্যোগে। আগামী দিনেও এই প্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা”। 

Developed by DXDasia