দিদিকে ভাইফোঁটায় উপহার স্যানিটারি ন্যাপকিন, উপহার পেয়ে মুগ্ধ দিদিও

পরিবেশ ও সমাজকর্মী দিদিকে অভিনব উপহার ভাইয়ের

দিদি নিজে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা নিয়ে সচেতন করেন স্থানীয় মহিলাদের। পাশাপাশি, মাধবপুর পরিবেশ চেতনা সমিতিরও প্রধান মুখ তিনি। পরিবেশ রক্ষার আন্দোলনের সূত্রেই হাওড়ার মহিষরেখার জয়িতা কুণ্ডু কুন্তির সঙ্গে পরিচয় সৈকত পাত্রের। সৈকতের মাতৃবিয়োগের পর শ্রাদ্ধের দিন ‘দিদি’ জয়িতা উপহার দিয়েছিলেন ছাতিম গাছের চারা। আর ভাইফোঁটার দিন ভাই দিদিকে উপহার দিলেন নিজের কারখানায় তৈরি স্যানিটারি ন্যাপকিন। এমন প্রথাভাঙা উপহার পেয়ে খুশি দিদিও। 

সৈকত যে ভাইফোঁটা নিতে আসবেন, জানা ছিল না জয়িতার। তারপর, এই উপহার পেয়ে বিস্ময় আরো ঘন হয়। কিন্তু, এই উপহার পাওয়ার পর সৈকতকে অভিনন্দনই জানিয়েছেন জয়িতা। তিনি নিজেও দীর্ঘদিন ধরে সামাজিক বিভিন্ন ট্যাবু ভাঙার জন্য চেষ্টা চালাচ্ছেন। সমাজ এগোচ্ছে, বহু ট্যাবু ভেঙে যাচ্ছে, স্যানিটারি ন্যাপকিন নিয়েও সহজ হচ্ছে সমাজ—তারই প্রতিফলন সৈকতের দেওয়া এই উপহারেও। জয়িতার মা এবং ভাইরাও এমন ছকভাঙা উপহার দেখে খুশি।

Developed by DXDasia