লকডাউনের সময় ৫০টিরও বেশি দুঃস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাগদার একদল যুবক

গ্রামবাসীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার প্রচারও করছেন তাঁরা

করোনা রুখতে লকডাউন জারি হয়েছে সারা দেশে। এরই মধ্যে উত্তর ২৪ পরগনার ডহরপোতা গ্রামে গরিব-দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে নজির গড়ছেন একদল তরুণ। 

দিন আনা দিন খাওয়া বহু মানুষেরই এখন রোজগার বন্ধ। ফলে সংকটে পড়েছে তাঁদের পরিবার। এলাকার এমন ৫০টিরও বেশি পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাগদা ব্লকের রনঘাট পঞ্চায়েতের ডহরপোতার ১৭ জন যুবক। তাঁদের মধ্যে বেশিরভাগই এখনও কর্মজীবনে প্রবেশ করেননি। কেউ কেউ একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়া। 

শুভ্র বিশ্বাস, শান্তনু বিশ্বাস, স্বরূপ খা, পার্থ বিশ্বাস, শুভ বিশ্বাসের মতো এই যুবকরা তৈরি করেছেন ‘আলোর দিশা’ নামের এক সংগঠন। কখনও নিজেদের হাতখরচের টাকা থেকে, কখনও বা আত্মীয়-স্বজন-প্রতিবেশী-পরিচিতদের থেকে সাহায্য নিয়ে তাঁরা গরিব মানুষের হাতে তুলে দিচ্ছেন নিত্যপ্রয়োজনীয় জিনিস – চাল, ডাল, আটা, তেল, সয়াবিন, নুন, মুড়ি, বিস্কুট। জীবাণুমুক্ত থাকার জন্য দিচ্ছেন মাস্ক, গায়ে মাখার সাবান, ডিটারজেন্ট পাউডার। এর সঙ্গে নিয়মিত গ্রামবাসীদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করে চলেছেন। তাঁদের এই প্রয়াস মহামারি বিরোধী লড়াইয়ে প্রেরণা জোগাচ্ছে এলাকার সাধারণ মানুষকে। 

‘আলোর দিশা’ সংগঠনের সদস্য পার্থ বিশ্বাস জানালেন, “সবাইকে আমরা বলতে চাই, বিনা কাজে বাড়ির বাইরে কেউ বেরোবেন না। করোনার মোকাবিলায় এখন প্রত্যেককে প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে। ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে’ – এই মূলমন্ত্র নিয়েই ‘আলোর দিশা’ কাজ করে চলেছে”। এই উদ্যোগে সবার সহযোগিতা প্রার্থনা করছেন তাঁরা। 
 

Developed by DXDasia