তুরস্ক, স্লোভাকিয়া, জার্মানি, আমেরিকা, ভারত – বৃহস্পতিবার চোখ থাক এই ক’টি ছবিতে

একাধিক প্রেক্ষাগৃহে অসংখ্য সিনেমা, দেখবেন কোনগুলো?

২৫ বছরে পা দিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গোটা উৎসব জুড়ে ৭৬টি দেশের ৩৬৬টি সিনেমা দেখানো হচ্ছে ১৭টি প্রেক্ষাগৃহে। তারই সঙ্গে চলছে সিনেপ্রেমীদের আড্ডা, পাগলামি এবং আরও অনেক কিছু। আগামী কাল ১৪ নভেম্বর চলচ্চিত্র উৎসবে কী কী ছবি দেখা যেতে পারে, তার একটা তালিকা দিলাম আমরা।

‘ইন্টারন্যাশানাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজেস’ বিভাগে দেখানো হবে ‘ওমর ভে বিজ’। ইসমেত একজন অবসরপ্রাপ্ত তুর্কি সৈনিক। তুরস্কের উপকূল রক্ষী বাহিনীর কমান্ডার ছিলেন তিনি। অবসরের পর যখন নিজের সংসারের দিকে মনোযোগ দেন, বুঝতে পারেন, পরিবারের অবস্থা ছন্নছাড়া। তাঁর ছেলে চলে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রিয়তমা স্ত্রীও ছেলের কাছে গিয়ে থাকার প্রস্তুতি নিচ্ছেন। এই সময়ে দুই শরণার্থীর সঙ্গে তার পরিচয় হয় – ওমর এবং মারিয়ে। গ্রিস-তুরস্ক সীমান্তে ইসমেতের বাড়ির পাশেই এরা থাকেন। এদের সবাইকে নিয়ে একটি মানবিক আখ্যান গড়ে উঠেছে ছবিটিতে। তুরস্কের এই ছবিটি পরিচালনা করেছেন মারিয়ানা গোরবাচ এবং মেহমেত বাহাদির এর। কাল নন্দন ১-এ বিকেল ৩টের থেকে প্রদর্শিত হবে ছবিটি।

স্লোভাকিয়ার চলচ্চিত্রকার দুসান হানাকের ছবি ‘রুজোভ স্নাই’ থাকবে নন্দন ২-এ, ১১টা ১৫ থেকে। মধ্য ইউরোপে এই সিনেমাতেই প্রথম কেন্দ্রীয়ভাবে উঠে এসেছিল রোমানি জনগোষ্ঠীর জীবনচর্যা। প্রাগ বসন্তের  তখন টালমাটাল সময়, এর মধ্যেই সাড়া ফেলে দিয়েছিল ১৯৭৭ সালে মুক্তি পাওয়া এই ছবি। সিনেমাটি তাই আবশিক দ্রষ্টব্যের মধ্যেই পরে। 

নন্দন ২-এ বিকেল ৫টা ১৫ থেকে দেখানো হবে ইন্দ্রাশিস আচার্যের ছবি ‘পার্সেল। ‘কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ’স ফিল্ম’ বিভাগে সিনেমাটি মনোনীত হয়েছে। ইন্দ্রাশিসের ছবি ‘পিউপা’ দেখানো হয়েছিল ২০১৭ সালে কলকাতা চলচ্চিত্র উৎসবের একই বিভাগে। দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল সেই ছবি। ‘পার্সেল’-এর মুখ্য চরিত্রে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শাশ্বত চট্টোপাধ্যায়। সৌভিক এবং নন্দিনী – স্বামী-স্ত্রী দু’জনেই ডাক্তার। সেই দম্পতির জীবনে বিপর্যয় নিয়ে আসেই একটা পার্সেল। এভাবেই আবর্তিত হয়েছে ছবির কাহিনি।

ডকুমেন্টারি বিভাগে থাকছে ‘ফেলুদা: ফিফটি ইয়ার্স অফ রয়’স ডিটেকটিভ’ ছবিটি। ফেলু মিত্তিরের পঞ্চাশ বছর উপলক্ষে সাগ্নিক চট্টোপাধ্যায় একটা চমক দিয়েছেন। তিনি বানিয়ে ফেলেছেন খোদ ফেলুদার বায়োপিক। বাংলা সাহিত্যের অন্য কোনো চরিত্রকে নিয়ে আগে কখনো বায়োপিক নির্মিত হয়নি। সেই তথ্যচিত্র কাল দেখানো হবে নন্দন ৩-এ সন্ধে ৭টা ৩০ থেকে। 

কিংবদন্তি চলচ্চিত্রকার বের্নার্দো বের্তোলুচ্চি তাঁর ‘দ্য শেল্টারিং স্কাই’ ছবিটি বানিয়েছিলেন একই নামের একটি উপন্যাস থেকে। উপন্যাসের লেখক পল বোলস। এক দম্পতি তাঁদের চিড় খাওয়া সম্পর্ককে নতুনভাবে সজীব করে তুলতে রওনা দিয়েছিল সুদূর আফ্রিকা। এই নিয়েই ছবির কাহিনি। ‘গ্রেট মাস্টার: বের্নার্দো বের্তোলুচ্চি’ বিভাগে ছবিটি দেখানো হবে সন্ধে ৬টা ৪৫-এ শিশির মঞ্চ প্রেক্ষাগৃহে। 

জার্মান চলচ্চিত্র জগতের একটি বিশেষ পর্যায়কে বলা হয় ‘নিউ জার্মান সিনেমা’। এটি একটি আন্দোলনও বটে। সেই আন্দোলনের এক প্রধান ব্যক্তিত্ব ফোলকার শ্লোয়েনডর্ফ। অস্কারজয়ী এই পরিচালকের ছবি ‘ডিপ্লোম্যাসি’ কাল প্রদর্শিত হবে রবীন্দ্র সদনে দুপুর ১১টা ১৫ থেকে। ‘ডিরেক্টর’স চয়েস: ফোলকার শ্লোয়েনডর্ফ’ বিভাগে সিনেমাটি থাকছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে এই ছবি নির্মিত।

দুপুর আড়াইটে থেকে বিজলি সিনেমায় থাকবে আলফ্রেড হিচককের ছবি ‘টোপাজ’। ‘ফিফটি ইয়ার্স সেলিব্রেশন: রিস্টোরড ক্লাসিকস’ বিভাগে ছবিটি দেখানো হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ঠান্ডা লড়াই এই ছবির পটভূমি। এক ফরাসি গুপ্তচর ১৯৬২ সালের কিউবা ক্ষেপনাস্ত্র সংকটে জড়িয়ে পড়ে। এরপর, রাশিয়ার গুপ্তচর চক্রকে ধ্বংস করতে সে রওনা দেয় নিজের দেশ ফ্রান্সে। ১৯৬২ সাল নাগাদ ফ্রান্সে গুপ্তচরদের নিয়ে এক কেলেংকারি বেশ হৈচৈ ফেলেছিল। তারই ছায়া অবলম্বনে হিচকক ছবিটি বানিয়েছিলেন।

এছাড়াও কাল দেখতে পারেন আদিত্য কৃপালিনীর ছবি ‘দেবী অউর হিরো’। ‘এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড)’ বিভাগে ছবিটি প্রদর্শিত হবে পিভিআর সিনেমা (অবনী মল) প্রেক্ষাগৃহে দুপুর ২টো থেকে। চলচ্চিত্র শতবর্ষ ভবনে সন্ধে ৬টা থেকে থাকছে বাসু চট্টোপাধ্যায়ের ছবি ‘চিতচোর’। দেখতে পারেন ‘ইন্ডিয়ান মাস্টার: বাসু চ্যাটার্জি’ বিভাগের এই ছবিটিও।

টিম বঙ্গদর্শন কালকের জন্য এই ছবিগুলি বেছে নিয়েছে। তবে কোন ছবি দেখবেন, কোন ছবি দেখবেন না, তা শেষমেশ বিচার করবেন আপনিই।

Developed by DXDasia