২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, প্রথম দিন
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মানেই সিনেপ্রেমীদের পাগলামি শুরু। হাতের নাগালেই খুঁজে খুঁজে দেখে নেওয়া প্রিয় পরিচালকের ছবি থেকে এই মুহূর্তে কোন দেশ কী ভাবছে, তা নিয়ে একটা স্পষ্ট ধারণা। উৎসবের কয়েকটা দিন রবীন্দ্র সদন-নন্দন চত্বরে সিনেমা নিয়ে গড়ে ওঠে বিভিন্ন আড্ডা। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়ে গেছে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। আগামীকাল থেকে কলকাতার ১৭টি জায়গায় সাতদিন ধরে দেখানো হবে ৩৬৬টি ছবি। আগামীকাল অর্থাৎ ৯ নভেম্বর শনিবার কোন কোন ছবিগুলি দেখা যেতে পারে তার একটা তালিকা দেওয়া হল। টিম বঙ্গদর্শন তাদের গবেষণার মাধ্যমে এই ছবিগুলি বেছে নিয়েছে। তবে শিল্প কখনোই একরৈখিক হতে পারে না। কোন ছবি দেখবেন, কোন ছবি দেখবেন না, তা শেষমেশ বিচার করবেন আপনি। পাশাপাশি এই লিস্টেও একবার নজর দেওয়া যেতে পারে।
রণি সেন আদতে আলোকচিত্রী। ‘ক্যাট স্টিকস’ তাঁর প্রথম বাংলা ছবি। পুরোটই সাদাকালো। বিষয় ব্রাউন সুগারের নেশা বা বলা ভালো নেশাখোরেরা। একটা রাতের গল্প বলে এই ছবি। রাতভোর প্রচণ্ড বৃষ্টি আর কলকাতার বিভিন্ন নেশাগ্রস্থ মানুষের জীবনের টুকরো ছবি-এই ঘিরেই তৈরি হয়েছে বিভিন্ন দৃশ্য। ইন্টারন্যাশনাল কম্পিটিশনের ইনোভেশন ইন মুভিং ইমেজেস-এ শনিবার বিকেল ৫টায় নন্দন ১-এ দেখানো হবে ভারতের এই ছবিটি।
নোবেল-জয়ী লেখক গুন্টার গ্রাসের সাড়া জাগানো ‘টিন ড্রাম’ উপন্যাস নিয়ে ১৯৭৯ সালে ছবি নির্মাণ করেন ফোলকার শ্লোয়েনডর্ফ। কান চলচ্চিত্র উৎসবে এই ছবিটি পেয়ে যায় পাম দ্য’ওর। তার পরের বছরই অস্কারে সম্মানিত হয়। ছয়ের দশক থেকে নিউ জার্মান সিনেমার পথিকৃৎ হিসেবে মানা হয় তাঁকে। তাঁর নির্মিত বেশ কয়েকটি ছবির প্রদর্শনী এবারের উৎসবের অন্যতম আকর্ষণ হতে চলেছে। তারই মধ্যে অন্যতম জার্মানের ছবি ‘দ্য টিন ড্রাম’। ডিরেক্টর চয়েসে এইদিন জায়গা পেয়েছে ফোলকারের আরও একটি ছবি- ‘ডেথ অফ আ সেলসম্যান’ (১৯৮৫)। আমেরিকার ছবি। প্রোটাগনিস্টের নিজস্ব জীবন দর্শন থেকেই পুরো ছবিটি দেখানো হয়েছে। আমেরিকার চলচ্চিত্র ইতিহাসে বহু আলোচিত এই ছবি এবার কলকাতায়। ফোলকারের এই দুটি ছবি শনিবার দেখানো হবে যথাক্রমে নন্দন ১-এ সকাল ১১-৪৫-এ এবং নন্দন ৩-এ ১১-১৫-তে।
শনিবারের অন্যতম আকর্ষণ হতে চলেছে লোতে রেইনিগার ও কার্ল কোচ পরিচালিত অ্যানিমেশন ছবি ‘দ্য অ্যাডচেঞ্চার অফ প্রিন্স অখমেদ’। এই ছবির বয়স প্রায় ৯৩ বছর। ১৯২৬ সালে নির্মিত হয় এই জার্মানি ছবি। নন্দন ২-এ সকাল ১১-১৫-তে দেখানো হবে এটি। এদিন তথ্যচিত্রগুলির মধ্যে দেখা যেতে পারে ২০১৯ সালে তৈরি ইরানের ‘দ্য স্যাটান’স হর্ন’। পরিচালক- হাদি ঘোরবানি। শিশির মঞ্চে সকাল ১১টায় দেখা যাবে এই ছবি।
হোমেজ বিভাগ এদিন স্মরণ করবে নাট্যকার গিরিশ কারনাডকে। পরিচালক পাট্টাভিরামা রেড্ডি টিক্কাভারাপুর-এর কন্নড় ভাষায় বানানো ১৯৭০-এর ছবি ‘সংস্কার’। এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন গিরিশ কারনাড। এমনকি প্রধান চরিত্রে অভিনয়ও করেছিলেন তিনি। রবীন্দ্র সদনে সকাল ৯-১৫-য় এই ছবি দেখানো হবে।
এছাড়াও দেখতে পারেন সম্পূর্ণ অন্য ধাঁচের তিন দেশের তিনটি ছবি। চিনের ‘সামার অফ চাংশা’ (২০১৯), বুলগেরিয়ার ছবি ‘ক্যাট ইন দ্য ওয়াল’ (২০১৯) এবং আলেকজান্ডার ক্লাফের জার্মানি ছবি ‘হ্যাপি লামেন্টো’ (২০১৮)। এই ছবিগুলো দেখানো হবে যথাক্রমে- নজরুল তীর্থে সকাল ১১টায়, মিনারে বেলা ১২টায় এবং রবীন্দ্র ওকাকুরা ভবনে দুপুর ২-৩০টেয়।
আবারও বলি, কোন ছবি দেখবেন, কোন ছবি দেখবেন না, তা শেষমেশ বিচার করবেন আপনি।