ডেস্টিনেশন ইস্ট ২০২০ – ভারতের বৃহত্তম পর্যটন উৎসব

আজ কলকাতায় আসছেন ১০০টিরও বেশি বিদেশি পর্যটন সংস্থার প্রতিনিধিরা

সাংবাদিক সম্মেলনে রাজ্য পর্যটন দপ্তর এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিরা 

সারা পৃথিবীর ভ্রমণার্থীদের কাছে এখন অন্যতম প্রধান গন্তব্য পশ্চিমবঙ্গ। সেই আকর্ষণ আরও বৃদ্ধি করতে এবং বিশ্বের দরবারে বাংলার দর্শনীয় স্থানগুলিকে আরও জনপ্রিয় করতে শুরু হচ্ছে রাজ্য পর্যটন দপ্তরের বাৎসরিক সম্মেলন – গ্লোবাল বেঙ্গল ট্যুরিজম মিট’ বা ‘বিশ্ববঙ্গ পর্যটন সম্মেলন’। সহযোগিতায় বণিক সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ বা সিআইআই। প্রত্যেক বছর এই সম্মেলন আয়োজিত হলেও এবার রয়েছে বেশ কিছু বেনজির উদ্যোগ। রাজারহাটের বিশ্ববঙ্গ কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলা এবারের সম্মেলনের শিরোনাম ‘ডেস্টিনেশন ইস্ট ২০২০’। 

বিশ্বের অন্যতম বৃহৎ এবং ভারতের বৃহত্তম এই পর্যটন উৎসবে যোগ দিতে আজ থেকেই কলকাতায় আসা শুরু করছেন বিদেশি অতিথিরা। আগামীকাল, রবিবার তাঁদের এই তিলোত্তমা শহর ঘুরে দেখানো হবে। সম্মেলনের উদ্বোধন হবে সোমবার, ১৩ জানুয়ারি। ৪০টি দেশের ১০০টির বেশি পর্যটন সংস্থা হাজির থাকবে কনফারেন্সে। থাকবেন দেশ বিদেশের পেশাদার ব্লগাররাও। তাঁদের সামনে পশ্চিমবঙ্গের ভ্রমণ খাজানা তুলে ধরবে রাজ্য পর্যটন দপ্তর এবং সিআইআই। বিদেশি পর্যটন সংস্থাগুলির প্রতিনিধিরা বৈঠক করবেন ১৪ জানুয়ারি, মঙ্গলবার। সেদিন বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হবে। পরের তিন দিন বিদেশি প্রতিনিধিদের ঘুরিয়ে দেখানো হবে রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থান। শান্তিনিকেতন, মুর্শিদাবাদ, বিষ্ণুপুর, ডুয়ার্স, পুরুলিয়ার মতো মনোরম জায়গায় ভ্রমণের পাশাপাশি থাকছে গঙ্গার বুকে নৌকোবিহারের বন্দোবস্তও। ১৮ এবং ১৯ তারিখ বিদেশিরা নিজের নিজের দেশে রওনা দেবেন।

ভিডিও সৌজন্যে – পর্যটন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার 

গত বছরের চেয়ে এবারের সম্মেলনে অনেক বেশি সংখ্যায় আন্তর্জাতিক পর্যটন সংস্থা যোগ দেবে। রাজ্যের পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জানান, পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকদের যাতায়াত বাড়ছে। ২০১২ সালে ভিন দেশ থেকে আসা পর্যটকদের সংখ্যা ছিল ১২ লাখ ১৯ হাজার, সেটা ২০১৮ সালে দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজারে। অর্থাৎ, বৃদ্ধির হার প্রায় ৩৩ শতাংশ। পর্যটক বৃদ্ধির হারে বেঙ্গালুরু, চেন্নাইয়ের থেকে এগিয়ে আমাদের কলকাতা। দিল্লি, মুম্বাই, জয়পুরে বিদেশি পর্যটকের আগমন কমছে। আগে প্রচুর বিদেশি ভ্রমণার্থী দিল্লির অপারেটরদের মাধ্যমে কলকাতায় আসতেন। এখন তাঁরা বিমান পথে সরাসরি কলকাতা চলে আসেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুর্গাপুজোয় কার্নিভাল চালু হওয়ার পর রাজ্যে পর্যটকের সংখ্যা ঊর্দ্ধমুখী। সেই সংখ্যা আরও বৃদ্ধি করার লক্ষ্য নিয়েই শুরু হচ্ছে ‘ডেস্টিনেশন ইস্ট ২০২০’। 
 

Developed by DXDasia