২৬তম বুসানে আবারও বাঙালির জয়জয়কার
মৃত্যুর পরও বেঁচে থাকা যায় এভাবে। এভাবে মানে, কাজের মধ্য দিয়ে। গত নভেম্বরে প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি কোনোদিন জানতে পারবেন না, তাঁর অভিনীত ছবিই এবার পৌঁছে গেছে ২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে।
চলচ্চিত্র উৎসবে ‘আ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে মনোনীত হয়েছে পরিচালক তথা অধ্যাপক মধুজা মুখোপাধ্যায়ের ‘ডিপ সিক্স’ ছবিটি। সুজিত সরকার, রনি লাহিড়ী, অভীক মুখোপাধ্যায়, হরচরণ সিং প্রযোজিত এই ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই উৎসবে। অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, তিলোত্তমা সোম, সুমিত ঠাকুর, মায়া ঘোষ ও সুমন্ত মুখোপাধ্যায়।
জানা যাচ্ছে, কলকাতার প্রেক্ষাপটে তৈরি “ডিপ সিক্স”। পরিচালকের মতে এই ছবি হলো, ভালোবাসা, মৃত্য, হতাশা আর স্বপ্নের যুদ্ধক্ষেত্র। মিতুল নামের এক সাধারণ মহিলার অসাধারণ গল্প উঠে আসবে ছবিতে। এই চরিত্রে অভিনয় করেছেন তিলোত্তমা সোম। আগামী ৬ থেকে ১৫ অক্টোবরের মধ্যে প্রদর্শিত হতে চলেছে ডিপ সিক্স। এছাড়াও এশিয়ান সিনেমা বিভাগে প্রদর্শিত হতে চলেছে অপর্ণা সেনের ছবি “দ্য রেপিস্ট”। এই ছবিটিরও ওয়ার্ল্ড প্রিমিয়ার এখানে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল ও কঙ্কনা সেনশর্মা।
তবে, বুসানে বাঙালির জয়যাত্রা এখানেই থেমে নেই। ‘নিউ কারেন্ট’ বিভাগে রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি পরিচালিত ‘হাউস অব টাইম’ ছবিটিও মনোনীত হয়েছে। উল্লেখ্য, অপর্ণার ছবিটির সঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত বাংলাদেশের ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ প্রতিযোগিতা বিভাগে রয়েছে। এই ছবির পরিচালক মোস্তাফা সরওয়ার ফারুকী। আগামী ৬ থেকে ১৫ অক্টোবর এশিয়ার এই নামজাদা চলচ্চিত্র উত্সব অনুষ্ঠিত হবে।