বুসান চলচ্চিত্র উৎসবে ‘কিম জিসেওক’ পুরস্কারের জন্য মনোনীত অপর্ণা সেনের ‘দ্য রেপিস্ট’

‘আ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে মনোনীত হয়েছে এই ছবি

অপর্ণা সেনের পরবর্তী হিন্দি ছবি ‘দ্য রেপিস্ট’ ২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিম জিসেওক পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। অপর্ণা-কঙ্কনা জুটির এই ছবির জন্য অপেক্ষায় ভারতীয় দর্শকরাও। অপর্ণা সেন জানিয়েছেন, “আমরা, অভিনেতা, কলাকুশলী এবং প্রযোজক সবাই আনন্দিত। আমাদের ছবি ‘দ্য রেপিস্ট’ বুসান চলচ্চিত্র উৎসবে কিম জিসেওক পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। …অভিনন্দন, কমরেডস!”

বুসানে ‘আ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে মনোনয়ন পেয়েছে সাতটি ছবি। তার মধ্যে অপর্ণা সেনের ছবি অন্যতম। এর আগেও মা-মেয়ের জুটির ‘মিস্টার অ্যান্ড মিসেস আয়ার’ সম্মানিত হয়েছিল জাতীয় পুরস্কারে। ‘দ্য রেপিস্ট’ ছবিতে অভিনয় করেছেন অপর্ণা সেন স্বয়ং। এছাড়াও বিশেষ চরিত্রে দেখা যাবে কঙ্কনা সেনশর্মা, অর্জুন রামপাল, তন্ময় ধনানিয়া, অনিন্দিতা বসুকে।

সরকারি তথ্য অনুযায়ী ২০১৭ সালে ভারতে পুলিশের কাছে ধর্ষণজনিত কেস জমা পড়েছিল ৩২,৫০০টি। অনুমান করা যেতে পারে, প্রতিদিন ৯০টি ধর্ষণ কাণ্ড। দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো ২০১৯ সালের ২১ অক্টোবর এই রিপোর্ট পেশ করে। যেখানে এ-ও বলা হয়, প্রতিবছর প্রায় ৩৫৯,৮৪৯ কেস জমা পড়ে, যা প্রধানত নারীদের প্রতি মানসিক ও শারীরিক অত্যাচার এবং অন্যান্যকে কেন্দ্র করে। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। এটাই বাস্তব চিত্র। যেখানে নারীমুক্তি বা নারী-স্বাধীনতা নিয়ে সোচ্চার হন দেশের গুণীজনেরা, রাস্তায় নামেন, মিছিল হয়, বক্তৃতা সভা হয়; কিন্তু তাদের প্রতি অত্যাচারের গ্রাফ প্রতিবছর বাড়তে থাকে। হ্যাঁ, এই ‘উদারমনস্ক’, ‘প্রগতিশীল’ সমাজেই। এ এক কঠিন ব্যাধি। এ অসুখ সারানোর জন্য পুলিশ, প্রশাসন করা হলেও উপায় খুঁজে বের করা যায় না। পাশাপাশি অভিযোগ জানানোর মতো সাহসটুকু নেই অসংখ্য নির্যাতিতার। পরিবারের ভয়ে, সমাজের ভয়ে তাঁরা মুখ কামড়ে পড়ে থাকেন ঘরের এক কোণে।

এমনই একটি বিষয়বস্তুকে চলচ্চিত্রের মোড়কে উপস্থিত করছেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা (অভিনেত্রী) অপর্ণা সেন। একজন নির্যাতিতার গল্প বলবেন তিনি। যাকে রোজ অসহনীয় যন্ত্রণা সহ্য করতে হয়। কিন্তু কেন তিনি প্রকাশ্যে এসে বিচারের দাবি করতে ভয় পান? কেনই বা লজ্জায় মুখ ঢাকতে হয়? এরকম কিছু উত্তর খুঁজেছেন তিনি। এই ছবির মাধ্যমেই প্রায় দুই বছর পর পরিচালনায় ফিরছেন তিনি।

এর আগেও অপর্ণা সেন চলচ্চিত্রের ভাষ্যে নিয়ে এসেছেন রাজনীতি। ২০০২ সালে নির্মিত ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’ ছবিতে দেখিয়েছিলেন বিভাজনের রাজনীতি। যেখানে জাত-ধর্ম প্রধান হয়ে দাঁড়াচ্ছে ‘আধুনিক’ সমাজব্যবস্থায়। দুই বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘ঘরে বাইরে আজ’-এ এই একই চিত্র দেখিয়েছেন আরও সোচ্চার কণ্ঠে। তবে গুণগত মানে সেই ছবি ছিল দুর্বল চিত্রনাট্যে গড়া। অপর্ণা সেন তাঁর নিজস্ব আমেজ হারিয়েছিলেন ‘ইতি মৃণালিনী’ থেকেই। তারপর ‘গয়নার বাক্স’, ‘আরশিনগর’ অত্যন্ত নিম্নমানের ছবি বানিয়ে যাচ্ছিলেন মিসেস সেন। এখন দর্শকদের চোখ ‘দ্য রেপিস্ট’-এর দিকে।

ধর্ষণের রাজনীতি আজকের নয়। যুগ যুগ ধরে চলে আসা এ এক সামাজিক ক্ষয়। সবসময়ই নিজের মতো করে গল্প বলতে চেয়েছেন অপর্ণা। তাঁর চলচ্চিত্রের ভাষ্যে আমরা পেয়েছি মেয়েদের ভিন্ন ভিন্ন অবস্থান। স্বাধীন ভারতের মেয়েদের তিনি নানাভাবে ভেঙেছেন গড়েছেন। যেমন ‘৩৬ চৌরঙ্গী লেন’-এর ভায়োলেট স্টোনহ্যাম বা নন্দিতা রায়, ‘পরমা’-‘পারমিতা’ কিংবা ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’-এর মীনাক্ষি আইয়ার, ‘দ্য জাপানিজ ওয়াইফ’-এ সন্ধ্যা ও মিয়াগে, ‘সোনাটা’-র তিন অবিবাহিত মহিলা প্রত্যেকেই একা। কিন্তু অসহায় নন। তাঁদের দিয়ে লড়িয়েছেন সাহসী অপর্ণা। আশা রাখি, এমনই এক প্রতিবাদের নয়া মোড় খুঁজে পাওয়া যাবে তাঁর নতুন ছবিটিতে।

‘সারি রাত’, ‘সোনাটা’-র পর ‘দ্য রেপিস্ট’ অপর্ণার তৃতীয় হিন্দি ছবি। একটি সাক্ষাৎকারে অপর্ণা সেনকে জিজ্ঞাসা করা হয়েছিল, চলচ্চিত্রে সৃজনশীলতা এবং স্বাধীনতা নিয়ে তাঁর মত কী? উত্তরে অপর্ণা বলেছিলেন, শুধু সিনেমা নয় প্রতিটি ক্ষেত্রে এগুলিকে দমন করা হচ্ছে। কেউ দেশের সমালোচনা করলেই ‘দেশদ্রোহী’ হয়ে যায় না। মত প্রকাশের স্বাধীনতা সকলের থাকা উচিত। কারণ এই স্বাধীনতা আমাদের মৌলিক গণতান্ত্রিক অধিকার। ‘দ্য রেপিস্ট’-এ আরেকবার প্রতিবাদী মিসেস সেনকে দেখার জন্য উন্মুখ অপর্ণা-প্রেমীরা।

গত চার বছর ধরে দক্ষিণ কোরিয়ার বুসান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে প্রয়াত অনুষ্ঠান অধিকর্তা কিম জিসেক নামাঙ্কিত সম্মানীয় পুরস্কার। সূত্র মারফত জানা গিয়েছে, যে সব সমসাময়িক পরিচালকদের ছবি প্রয়াত অধিকর্তার ভাবনার সঙ্গে মিলবে, সেগুলিই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সেই অনুযায়ী ইরানীয় পরিচালক রেজা মিরকরিমির নেতৃত্বে জুরি বিভাগ বেছে নেবেন এশিয়া মহাদেশের দু’টি ছবি। ভারতীয় মুদ্রায় এই পুরস্কারের অর্থমূল্য প্রায় সাড়ে সাত লক্ষ টাকা। আগামী ৬-১৫ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।

‘দ্য রেপিস্ট’-এর ছবি সৌজন্যেঃ বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ট্যুইটার)

*মতামত লেখকের সম্পূর্ণ নিজের। কাউকে আঘাত করা এ লেখার উদ্দেশ্য নয়।

Developed by DXDasia