
এই গবেষণার ফলে প্রতিষেধকের সন্ধান করা অনেক সহজ হয়ে যাবে
করোনা গবেষণায় নজিরবিহীন সাফল্য লাভ করলেন দুই বিজ্ঞানী। বাংলাদেশের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ সমীর কুমার সাহা ও ঢাকা শিশু হাসপাতালে চাইল্ড রিসার্চ ফাউন্ডেশনের গবেষক ডাঃ সেঁজুতি সাহা – সম্পর্কে তাঁরা বাবা ও মেয়ে। বাংলাদেশে যে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে, তার জিনোম সিকোয়েন্স উদঘাটন করলেন তাঁরা।
বাংলার চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন বা সিএইচআরএফের ৮ সদস্যের একটি টিম জিনোম সিকোয়েন্সের ম্যাপিংয়ের কাজ করছেন। নেতৃত্বে আছে ডাঃ সেঁজুতি সাহা। তিনি এবং ডাঃ সমীর কুমার সাহা যৌথভাবে তাঁদের সাফল্যের কথা গণমাধ্যমকে জানিয়েছেন।
এখনও পর্যন্ত সারা বিশ্বে করোনা ভাইরাসের ১৬ হাজার ৪৫১টি জিনোম সিকোয়েন্স উদঘাটন করা হয়েছে। বাংলাদেশে এবারই প্রথম সফলভাবে এই কাজ হল। এতে জানা যাবে, করোনা ভাইরাসের তিনটি ধরনের কোনটি বাংলাদেশে রয়েছে। ভাইরাসটির কোনো মিউটেশন হয়েছে কিনা তাও বোঝা সম্ভব হবে। প্রতিষেধকের সন্ধান করাও অনেক সহজ হয়ে যাবে।
