করোনা পরীক্ষা করতে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে টহল দিচ্ছে ৫টি গাড়ি

দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের উদ্যোগ

করোনা পরীক্ষার জন্য বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে মোবাইল ভ্যান। লালারসের নমুনা সংগ্রহ করে দ্রুত পাঠানো হচ্ছে পরীক্ষাগারে। করোনা মোকাবিলায় এরকমই উদ্যোগ নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।

যাতে অনেক বেশি সংখ্যক মানুষকে করোনা পরীক্ষার আওতায় আনা যায়, তার জন্য ৫টি মোবাইল টেস্টিং ভ্যানের বন্দোবস্ত করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। প্রতিদিন ১ হাজার নমুনা সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা আছে। ৮২ জন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী এই কাজে নিয়োজিত। জোর দেওয়া হচ্ছে কনটেইনমেন্ট এলাকাগুলিতে। জেলাশাসক পি উলগানাথন এবং অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও সংস্কার) নীতেশ ঢালি গোটা বিষয়টি দেখভাল করছেন। রবিবার থেকে মোবাইল ভ্যান পরিষেবা শুরু হয়েছে। 

পাশাপাশি, বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের লালারস ও রক্তের নমুনা সংগ্রহ করতে জেলার ২৯টি ব্লকে চালু হচ্ছে কিয়স্ক। ইতিমধ্যে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে কিয়স্ক চালু হয়ে গিয়েছে। কিয়স্ক রয়েছে এমআর বাঙুর হাসপাতালেও। দক্ষিণ ২৪ পরপগনার দুটি স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস রায় ও সোমনাথ মুখোপাধ্যায় মোবাইল টেস্টিং ভ্যান ও কিয়স্কগুলির দায়িত্বে রয়েছেন। 

ছবিঋণ – অ্যাডন অ্যাডভার্টাইজিং প্রাইভেট লিমিটেড 
 

Developed by DXDasia