বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেই কিট চেয়ে পাঠিয়েছে
কোভিড১৯-কে প্রতিরোধ করতে দরকার প্রচুর করোনা পরীক্ষা কিট। এবার কম দামে করোনা কিট তৈরি করল বাংলার এক বেসরকারি সংস্থা। করোনা ভাইরাস মিউটেট করলে অর্থাৎ নিজের ভোল পাল্টে ফেললেও এই কিটকে ফাঁকি দিতে পারবে না।
এমনই কিট বানিয়েছেন জিসিসি বায়োটেক কোম্পানির বিজ্ঞানীরা। দক্ষিণ ২৪ পরগনার বাকরাহাটে নিজস্ব ক্যাম্পাস রয়েছে এই সংস্থার। তাঁদের বানানো কিট ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ বা আইসিএমআরের ছাড়পত্র পেয়েছে। শুধু তাই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কিট চেয়ে পাঠিয়েছে। পরীক্ষার জন্য ১০০০টি কিট পাঠানো হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দপ্তরে। এই কিট ব্যবহার করে মাত্র ৯০ মিনিটে করোনা পরীক্ষার ফলাফল জানা যায়। একেকটি কিটের দাম মাত্র ৫০০ টাকা। সারা দেশে সব থেকে কম দামে কিট তৈরি করেছে এই সংস্থা। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য এটি কিনতে উৎসাহী হয়েছে।

জিসিসি বায়োটেকে কর্মরত গৈরিক মুখোপাধ্যায়, পিনাকী চট্টোপাধ্যায়, জয়দীপ মিত্র, অভিজিৎ ঘোষ, মহম্মদ নাজিম খান প্রমুখ বিজ্ঞানীরা এমন কিট তৈরি করেছেন। নেতৃত্বে আছেন রাজা মজুমদার। কেন্দ্রীয় সরকারের কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের বিজ্ঞানী সমিত আঢ্য এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের প্রধান কৌস্তুভ পণ্ডা সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এই গবেষণায়।
ছবিসূত্র – gccbiotech.net