‘সৌভ্রাতৃত্ব’-এর মাধ্যমে নাট্যকর্মীদের পাশে দেবশংকর-কৌশিক-শুভাশিস

রেশন এবং সংসার চালানোর কিছু টাকা প্রায় ১৭০ জন নাট্যকর্মীর হাতে তুলে দেওয়া হচ্ছে

সমস্ত প্রেক্ষাগৃহ এখন সম্পূর্ণভাবে বন্ধ। শুধু চলচ্চিত্রই নয়, কোনো থিয়েটারও এই মুহূর্তে মঞ্চস্থ হচ্ছে না। যাঁরা শুধুমাত্র থিয়েটারটাই করেন, তারা এখন অত্যন্ত সংকটজনক অবস্থায়। তাই তাঁদের পাশে দাঁড়াল ‘সৌভ্রাতৃত্ব’ ফাউন্ডেশন। যে ভাবনার পিছনে আছেন নাট্য ব্যক্তিত্ব দেবশংকর হালদার, কৌশিক সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা। লক্ষ্য, নাট্যকর্মীদের পাশা দাঁড়ানো।

সৌভ্রাতৃত্ব থেকে প্রতি মাসে নিয়ম করে রেশন এবং সংসার চালানোর কিছু টাকা প্রায় ১৭০ জন নাট্যকর্মীর হাতে তুলে দেওয়া হচ্ছে। কিন্তু সামনে পুজো আসছে। এটুকুতে চলবে কীভাবে?

দীর্ঘ ৬-৭ মাস ধরে তাঁরা যে সমস্ত নাটক বা সাংস্কৃতিক অনুষ্ঠান অনলাইনে দেখিয়েছেন তার সঙ্গে যুক্ত ছিল বিদেশি কোনও না কোনও নাট্য গোষ্ঠী বা সংস্থা, যারা এই ত্রাণ তহবিলকে আরও মজবুত করেছে। সম্প্রতি, ‘সৌভ্রাতৃত্ব’ পুজোর তহবিল গড়তে অনলাইনে দেখাবে নাটক ‘পুজোর টানে’। এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছে ‘ওয়াশিংটন ডিসি’-র ‘এবং থিয়েট্রিক্স’।

পুজোর টানে নাটকের সঙ্গে জড়িত আছেন সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে রুদ্রপ্রসাদ-স্বাতীলেখা-সোহিনী সেনগুপ্ত, দেবেশ চট্টোপাধ্যায় থেকে সুমন-নীল মুখোপাধ্যায়, মেঘনাদ ভট্টাচার্য এবং এই প্রজন্মের অভিনেতারা। এঁদের টানেই দর্শক অনলাইনে টিকিট কেটে নাটকটি দেখবেন। আর সেই টাকা পৌঁছে যাবে দুঃস্থ নাট্যকর্মীদের হাতে। পুজোয় দেখা যাবে চওড়া হাসি।

ছবি – সংগৃহীত 

Developed by DXDasia