মার্কিন মুলুকে নাচের মঞ্চে সবার মন জিতে নিলেন বাংলার কৃষক-কন্যা

চরম দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে তিনি নৃত্যশিল্পী হয়ে উঠেছেন

মাত্র ১৫ বছর বয়সে মার্কিন মুলুকের খ্যাতনামা রিয়েলিটি শোয়ে তাক লাগিয়ে দিলেন উত্তর ২৪ পরগনার বাগদার মেয়ে সোনালি মজুমদার। ‘আমেরিকা’স গট ট্যালেন্ট’-এর সিজন ১৫তে সুমন্ত মারোজুর সঙ্গে তিনি ভারতের প্রতিনিধিত্ব করছেন।

কৃষক পরিবারের মেয়ে সোনালি তিন বছর বয়স থেকে জিমনাস্টিক শেখা শুরু করেন। ছোটোবেলা থেকেই গানের সুর কানে গেলে তাঁর পা তালে তালে নেচে উঠত। গ্রামেই নৃত্যশিল্পের প্রশিক্ষণ নেওয়া শুরু। তারপর কলকাতায় আসেন। বিভাস অ্যাকাডেমি অফ ডান্সে ভর্তি হন। চরম দারিদ্রের মধ্যেও নিজের স্বপ্ন সফল করার লড়াই অনবরত চালিয়ে গিয়েছেন। মাত্র ৭ বছর বয়সে এই সুমন্তর সঙ্গেই ‘ইন্ডিয়া’স গট ট্যালেন্ট’ টাইটেল জিতে নেন সোনালি। অংশগ্রহণ করেন জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’-তে।

 ‘আমেরিকা’স গট ট্যালেন্ট’-এর মঞ্চে সুমন্ত এবং সোনালির ‘BAD সালসা’ পারফরম্যান্স বিচারকদের মুগ্ধ করে। ‘BAD’ কিন্তু এখানে ‘খারাপ’-এর সমার্থক নয়। সুমন্ত এবং সোনালি যেই প্রতিষ্ঠান থেকে এই নাচ শিখেছেন, সেই ‘বিভাস অ্যাকাডেমি অফ ডান্স’-এর সংক্ষিত রূপ এটি। পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছেন সোনালি ও সুমন্ত। শ্রেষ্ঠত্বের শিরোপার জিততে বদ্ধপরিকর তাঁরা। অনুশীলন চালিয়ে যাচ্ছেন ‘BAD সালসা’র জনক তথা শিক্ষক বিভাস চৌধুরীর পরামর্শ অনুযায়ী। 

ভিডিও সৌজন্যে – আমেরিকা’স গট ট্যালেন্ট

Developed by DXDasia