গন্ধের রাজা আর স্বাদের রানির জিভে জল আনা ডুয়েট

ছুটির দুপুরে সুবাস ছড়াক মাংসের এই অসামান্য পদ

কথায় বলে ‘ঘ্রাণেন অর্ধ ভোজনাং’। কিন্তু ভোজ্যের সঙ্গেই ঘ্রাণ যদি জুটি বাঁধে তাহলে তো সোনায় সোহাগা। যে-সে গন্ধ নয়, খোদ গন্ধরাজের গন্ধ। চিন-দেশ থেকে যে গাছ এসেছিল ভারতে। তারপর সেই মাতাল গন্ধে মাতলাম আমরাও। একদিকে মাংস-কষানোর স্বর্গীয় গন্ধ, অন্যদিকে তাকে সঙ্গত করছে গন্ধরাজ। ভাবা যায়!

ছুটির দুপুরের পাতকে রাজকীয় করে তুলতে বানিয়ে ফেলুন গন্ধরাজ মুরগি। স্বাদে-গন্ধে আপনাকে মাতোয়ারা করে দেবে এই পদ। বাড়তি কথায় কাজ নেই, রেসিপিতে মনোযোগ দেওয়া যাক।


উপকরণ:
 
মুরগির মাংস- ৮০০ গ্রাম
টক দই: ২০০ গ্রাম
গোলমরিচ গুঁড়ো- ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা-বাটা- ৫টা (ঝাল নিজেদের স্বাদ অনুসারে বাড়ানো বা কমানো যেতে পারে)
আদা-বাটা- ২ চামচ
রসুন-বাটা- ১৪-১৫ কোয়া 
পেঁয়াজ-বাটা- বড়ো ১টা 
ধনে গুঁড়ো- দেড় চামচ
গরম মশলা গুঁড়ো- হাফ চামচ
গোটা এলাচ- ৪-৫টা
দারুচিনি- ১টা টুকরো
গোটা গোলমরিচ- ৫-৬টা
তেজপাতা- ২টো
গন্ধরাজ লেবুর রস- ১ চামচ
গন্ধরাজ লেবুর গায়ের ছালকুচি- কিছুটা
গন্ধরাজ লেবুর ছোটো ছোটো টুকরোয় কাটা- ৫-৬টা টুকরো
গন্ধরাজ লেবুর পাতা- ৪টে
গোটা কাঁচালঙ্কা- ৪টে
চিনি রান্নায়- ১ চা-চামচ, ম্যারিনেশানে কিছুটা
নুন, সাদা তেল পরিমাণমতো।

প্রণালি:
 
প্রথমে একটি পাত্রে ম্যারিনেশনের জন্য টক দই, গোলমরিচের গুঁড়ো, পরিমাণমতো নুন, চিনি, লেবুর রস, লেবুর ছাল, আদা-বাটা এক চামচ, রসুন-বাটা এক চামচ,কাঁচালঙ্কা বাটা দিয়ে কাটা চামচ দিয়ে সবটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর, মাংসটা এই ফেটানো মিশ্রণটি দিয়ে ভালো করে মেখে আধঘণ্টা রেখে দিতে হবে। এবার  কড়াইয়ে তেল দিন, গরম হলে এলাচ, তেজপাতা, দারুচিনি, গোটা গোলমরিচ ফোড়ন দিন। মশলার সুগন্ধ বেরোলেই পেঁয়াজবাটা ও বাটা ধোয়ার জলটা দিয়ে নাড়তে থাকুন। এবার আদা-রসুনবাটা দিয়ে কিছু সময় নেড়ে ওতে ধনে, গরম মশলা সামান্য চিনি ও সামান্য জল দিয়ে মশলা কষাতে থাকুন। তেল ছাড়লে ম্যারিনেশন থেকে শুধু মাংসের টুকরোগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে দিন।

এবারে, ঢাকা তুলে মাংসটা ভালো করে নেড়ে ম্যারিনেশনের বাকি অংশের সঙ্গে সামান্য গরম জল দিয়ে পুরোটা কড়াইয়ে ঢেলে দিন, গোটা কাঁচালঙ্কা দিন ও মাংসটা কষান। কিছু সময় পর রান্না থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে ও তেল বেরিয়ে আসবে তখন গ্যাস বন্ধ করে দিয়ে লেবুর টুকরো, লেবুপাতাগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিন। গরম গরম ভাতের সঙ্গে খান অতুলনীয় স্বাদের গন্ধরাজ মুরগি। 

Developed by DXDasia