
পেঁয়াজের আগুনে দাম? কুছ পরোয়া নেহি
পেঁয়াজে হাত দিলেই নাকি ছ্যাঁকা লাগছে। এতদিন যাকে কথায়-কথায় অবহেলা করে এসেছি, তার দিক থেকে এমন আঘাত আসবে ভাবিইনি। এদিকে পেঁয়াজ ছাড়া মাংস রান্না করা যায় নাকি! আর, মাংস না হলে রবিবার অচল। ফলে, আম বাঙালির মুখ ভার।
পেঁয়াজ ছাড়াই কিন্তু দিব্বি জমিয়ে রাঁধা যায় মাংস। বলা ভালো, মাংস কষা। খেতে মোটেও খারাপ না। উলটে অসাধারণ। একবার চেষ্টা করেই দেখুন না। সেই পদের রেসিপিই রইল আজ।
উপকরণ:
মাংস- ৫০০গ্রাম
আলু- ১টা বড়ো ডুমো ডুমো করে কাটা
টমেটোকুচি- ১টা টমেটো
আদা-কাঁচালঙ্কাবাটা- ১ চামচ
রসুনবাটা- দেড় চামচ
টক দই- ২৫গ্রাম
হলুদ গুঁড়ো- দেড় চামচ
জিরে গুঁড়ো- ১ চামচ
ধনে গুঁড়ো- ১ চামচ
গরম মশলাগুঁড়ো- ১ চামচ
শুকনো লঙ্কাগুঁড়ো- ২ চামচ
হিং- সামান্য
গোটা কাঁচালঙ্কা- ২টো
শুকনো লঙ্কা- ২টো
এলাচ- ২টো
তেজপাতা- ১টা
লবঙ্গ- ২টো
গোলমরিচ- ২টো
ঘি- সামান্য
সরষের তেল, নুন, চিনি প্রয়োজনমতো।

প্রণালি:
প্রথমে মাংস ভালো করে ধুয়ে টকদই, হাফ চামচ করে হলুদ, জিরে, ধনেগুঁড়ো, সরষের তেল আর সামান্য নুন দিয়ে আধঘণ্টা মাখিয়ে রাখুন। কড়াইয়ে তেল গরম করে আলুগুলো ভেজে তুলে নিন একটি পাত্রে। ওই কড়াইতেই প্রয়োজনমতো তেল যোগ করে প্রথমে সামান্য চিনি দিন, ক্যারামেল হলে একটি লালচে রঙ আসে তার জন্য। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। এবার শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ ফোড়ন দিন। আদা-কাঁচালঙ্কা বাটা ও রসুন বাটা দিয়ে দশ সেকেন্ড মতো নেড়ে হিং দিন।
আরো পড়ুন
ছুটির পদ আলো করে মুরগির মরিচ-বাহার
কিছুসময় নেড়ে নিয়ে হলুদ, জিরে, ধনেগুঁড়ো, গরম মশলাগুঁড়ো হাফ চামচ করে আর শুকনো লঙ্কাগুঁড়ো দিন। সামান্য জল দিয়ে সব মশলা ভালো করে মিশিয়ে নিন, নুন যোগ করে আবার সবটা নেড়ে নিয়ে টমেটোকুচি দিন এবং নরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। টমেটো নরম হলে এবং মশলা থেকে তেল বেরিয়ে এলে মাংসটা দিয়ে ঢাকা দিয়ে রাখুন দশ মিনিট। মাংস থেকে বেরিয়ে আসা জলেই মাংস সিদ্ধ হবে। মাঝেমাঝে একটু নেড়ে নেবেন। আলুগুলো দিয়ে দিন দশ মিনিট পর ও কষান ভালো করে। মাংস আর মশলা গায়ে গায়ে লেগে এলে হাফ কাপ গরম জল দিয়ে মাঝারি আঁচে আরো পাঁচ মিনিট কষান। শেষে গরম মশলাগুঁড়ো আর সামান্য ঘি দিয়ে নামিয়ে নিন। গরম ভাতের সাথে জমিয়ে খান অপূর্ব স্বাদের এই কষা মাংস।
