২০২১-এ পিছিয়ে যাচ্ছে কলকাতা বইমেলা! কী বলছে গিল্ড অফিস?

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় থিম কান্ট্রি বাংলাদেশ

কলকাতা বইমেলা। বইপ্রেমীদের কাছে প্রাণের উৎসব। দশটা দিন যে উন্মাদনা চলে, যে উচ্ছ্বাস ভেসে আসে তা মেলার মাঠে গেলেই প্রত্যক্ষ করা যায়। ২০২১ সালে এই ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক বইমেলা পা রাখতে চলেছে ৪৫তম বর্ষে। কিন্তু প্রশ্ন উঠছিল, এমন পরিস্থিতিতে কি আদৌ বইমেলা হবে? খানিক মনখারাপের মধ্যেই ছিলেন বইপ্রেমীরা৷

তবে সবটাই ধরে নেওয়া হচ্ছে৷ কারণ ২০২১ সালের পরিস্থিতি কেমন থাকবে, তা কেউ জানে না৷ পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, বইমেলা নিয়ে আমরা ইতিবাচক চিন্তাভাবনা করছি। আমরা চাই বইমেলা হোক। তারিখ পিছোলে কোনও অসুবিধা হবে না৷ পরিশ্রম করে কাজ তুলে দিতে পারব। বিদেশের অংশগ্রহণে কোনও সমস্যা হবে না৷ গিল্ডের সম্পাদক সুধাংশুশেখর দে জানিয়েছেন, বইমেলা করার ভাবনাচিন্তা অবশ্যই আছে৷ সরকার যেভাবে নির্দেশ দেবে সেটা মেনে বইমেলা হোক আমরা চাইছি। আমরা আশা করে আছি করোনার প্রকোপ কমবে। প্রকোপ যদি নভেম্বর-ডিসেম্বরে কমে যায়, তাহলে বইমেলা জানুয়ারির জায়গায় ফেব্রুয়ারিতেও হতে পারে৷

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সূত্রে পাওয়া খবর

২০২১-এর বইমেলার তারিখ ছিল ২৮ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি। সেটি পরিবর্তিত হয়ে আপাতত ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ অবধি হতে পারে। অর্থাৎ একমাস পিছোনো হয়েছে। এখন সবটাই সম্ভাব্য। এই বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্বাচন করা হয়েছে এই দেশ৷ সেই মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণও জানানো হয়েছে৷ শোনা গেছে আরও চারটি দেশ এই কলকাতা বইমেলায় আসতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। ছাপাখানা, বইবিক্রেতা, প্রকাশক, লেখক এবং উদ্যোক্তাদের এই যৌথখামার বেঁচে থাক এমন আশাবাদের খবর নিয়েই। আগামী সময় কী বলবে, তা কারো জানা নেই।
 

Developed by DXDasia