রসগোল্লার পর ‘জি আই’ তকমা পাচ্ছে বাংলার আরও দুই মিষ্টি

বাংলার জন্য ফের ‘মিষ্টি’ খবর

রসগোল্লার মতো শহুরে মিষ্টি নয় বাংলার এই দুই মিষ্টি। রসগোল্লার মতো ছানা নয় পুরোটা। দুধ জ্বাল দিয়ে দিয়ে পরতে-পরতে সরের প্রলেপে প্রস্তুত হয়। সরের ভাজা চাদরের ভিতর ভরা থাকে ছানার পুর। রসগোল্লার থেকে সম্ভবত প্রাচীন এবং দামেও বেশি। নদিয়ার কৃষ্ণনগর। সরভাজা, সরপুরিয়ার আঁতুড়ঘর। সূত্রের খবর, এবার এই দুই মিষ্টি পেতে চলেছে "জি আই" অর্থাৎ জিওগ্রাফিকাল ইনডেক্স তকমা।

প্রায় বছর চারেক আগে কৃষ্ণনগর মিষ্টান্ন ব্যবসায়ী সংগঠনের তরফে সরভাজা, সরপুরিয়ার ‘জি আই’–এর জন্য আবেদন করা হয়। কিন্তু এই সংগঠনের সোসাইটি রেজিস্ট্রেশন না থাকার কারণে ২০১৯ সালে এই আবেদন খারিজ হয়ে যায়। পরে আবার আবেদন করা হয়। কিন্তু এবার নাকি আপত্তি ওঠে এই দুই মিষ্টির স্রষ্টা অধরচন্দ্র দাসের পরিবারের তরফে। সেই সংঘাত মিটিয়ে এবার নাকি মিলতে চলেছে এই সম্মান। এর আগে রসগোল্লার ক্ষেত্রে বাংলা ও ওড়িশার মধ্যে তীব্র প্রতিযোগিতা হয়েছিল। কিন্তু সরভাজা, সরপুরিয়ার ক্ষেত্রে তেমন কোনও জটিলতা নেই বলেই জানা যাচ্ছে।মিষ্টি ব্যবসায়ীরা চাইছেন, পুজোর আগেই যেন এই সম্মান পাওয়া যায়। করোনা আবহে জোর ধাক্কা খেয়েছে পর্যটন শিল্প। সরভাজা, সরপুরিয়ার ‘জি আই’ প্রাপ্তি রাজ্যের পর্যটনের প্রসারে সাহায্য করবে বলে মনে করছেন অনেকে।

 

Developed by DXDasia