সাজছে বীরসিংহ গ্রাম : সংস্কারের পথে বিদ্যাসাগরের স্মৃতি-বিজড়িত মাটির বাড়ি

রাজ্য সরকারের উদ্যোগে পর্যটকদের জন্য গড়ে উঠবে পান্থনিবাস

বীরসিংহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সে অর্থে স্মৃতিচিহ্ন বলতে বেঁচে রয়েছে দু’টো মাটির বাড়িই। দোতলা মাটির বাড়িতে এক সময় ভগবতী বিদ্যালয়ের ছাত্রাবাস ছিল। আগে গরিব ছাত্ররা এখানে থেকে পড়াশোনা করত। অনেক পরে পাকা হস্টেল তৈরি হওয়ার পর মাটির বাড়ি খালিই পড়ে রয়েছে। এই বাড়ি দু'টিকে আগেই হেরিটেজ ঘোষণা করা হয়েছিল, এবার সেগুলি নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের স্মৃতি-বিজড়িত দু’টি পুরোনো মাটির বাড়ি সংস্কারের কাজ শুরু হবে কিছু দিনের মধ্যেই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিদ্যাসাগরের দ্বিশতবর্ষে তাঁর জন্মস্থান সাজিয়ে তোলার পরিকল্পনা হয়েছিল বছরখানেক আগেই। সেইমতো উন্নয়নের রূপরেখাও তৈরি হয়। ভগবতী বিদ্যালয়ের লাগোয়া দু'টি পুরনো মাটির বাড়ি সংস্কারের সিদ্ধান্ত হলেও নানা জটিলতায় সেটা এতদিন থমকে ছিল। হেরিটেজ ভবন হিসাবে চিহ্নিত এই দু'টি মাটির বাড়ির সংস্কার ছাড়াও আশপাশে ফাঁকা জমিতে শান্তিনিকেতনের আদলে আম্রকুঞ্জ তৈরি হবে। পর্যটকদের জন্য গড়ে উঠবে পান্থনিবাস। ভগবতী বিদ্যালয়ের পুরনো ভবনটিরও আমূল সংস্কার হবে।

জানা যাচ্ছে, পূর্ত দপ্তর প্রকল্প রূপায়ণের দায়িত্বে থাকলেও পুরো কাজটা হবে হেরিটেজ কমিশনের তত্ত্বাবধানে। হেরিটেজের নিয়ম মেনে বাড়ি দু’টি সম্পূর্ণ অবিকৃত রেখেই সংস্কারের কাজ হবে। কাজ করবেন স্থানীয় শ্রমিকরাই।

 

ছবি: বীরসিংহ ভগবতী বিদ্যালয় ফেসবুক পেজ

 

 

Developed by DXDasia