ঘাটালে করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দেবেন অভিনেতা-সাংসদ দেব

টলি টেলস ও সর্দারনি পরমজিত কৌর মেডিকেল ট্রাস্টের সঙ্গে হাত মিলিয়েছেন দেব

ঘাটাল কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়িয়েই একটা সময় রাজনীতিতে পা রেখেছিলেন বাংলার সুপারস্টার দেব (দীপক অধিকারী)। করোনা পরিস্থিতিতে তাই ঘাটালের মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ালেন তিনি। ঘাটালের করোনা আক্রান্তদের বাড়ির দরজায় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন নিজেই।

যদিও এই প্রথমবার নয়, করোনা পরিস্থিতিতে এর আগেও সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন অভিনেতা। সম্প্রতি টলি টেলস ও সর্দারনি পরমজিত কৌর মেডিকেল ট্রাস্টের সঙ্গে হাত মিলিয়েছেন দেব। প্রতিদিন এখান থেকেই বিনামূল্যে খাবার সরবরাহ করা হচ্ছে করোনা আক্রান্তদের। কোন জায়গা থেকে খাবার সংগ্রহ করতে হবে সেই ঠিকানাও দিয়েছেন দেব। আপাতত ৫০ জনের খাবারের আয়োজন করা হয়েছে। কিন্তু চাহিদা বাড়লে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন দেব। বিস্তারিত জানতে দেবের সঙ্গে ফোন মারফত যোগাযোগ করা যায়নি।

ফেসবুকে একটি পোস্টে দেব লেখেন, “ঘাটাল অন্তর্গত এলাকায় যাঁরা করোনা আক্রান্ত, তাঁদের নির্দিষ্ট বাসস্থানে খাদ্য সরবরাহ করা হবে। খাদ্যগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন।”সেই পোস্টেই ৪টি ফোন নম্বর শেয়ার করেছেন তিনি। অভিনেতা-সাংসদ দেবের মুখে বারবার শোনা গেছে সৌজন্যের রাজনীতির কথা। জনসভায় গিয়ে শ্রোতাদের উদ্দেশ্যে চিৎকার করে বলেছেন, ‘মাস্ক পরুন সবাই’। নির্বাচনের আগে বসিরহাটের তেঁতুলিয়া হাইস্কুল মাঠের সভামঞ্চ থেকে দেব বলেছিলেন, “কে ক্ষমতায় আসবে তা আমরা ২ তারিখে দেখে নেব। কিন্তু তার আগে মানুষকে বাঁচিয়ে রাখতে হবে তাই না!”

সুপারস্টার দেবের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যবাসী।

Developed by DXDasia