রাষ্ট্রসংঘের গুরুত্বপূর্ণ পদে বঙ্গতনয়া

ভারতের বড়ো কূটনৈতিক জয়

বিশ্বের দরবারে আবার ভারতের জয়। জয় বাংলারও। রাষ্ট্রসংঘে গুরুত্বপূর্ণ পদ পেল ভারত। দেশের তরফে সেই পদে নিযুক্ত হয়েছেন কূটনীতিক বিদিশা মৈত্র।

বঙ্গতনয়া বিদিশা ইন্ডিয়ান ফরেন সার্ভিস-এর ২০০৯ ব্যাচের ক্যাডার। ২০০৮-এ সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। সারা দেশের মধ্যে ৩৯ র‍্যাংক করেছিলেন। ২০০৯-এ বিদেশ মন্ত্রকের ‘বেস্ট অফিসার ট্রেনি’ হিসেবে জিতে নেন গোল্ড মেডেল। ভারতের কনিষ্ঠতম সদস্য হিসেবে রাষ্ট্রসংঘে যোগদান করেন বিদিশা। গত বছর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়ে সারা বিশ্বে নজর কেড়ে নিয়েছিলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছাপা হয়েছিল তাঁর বক্তৃতা। বিভিন্ন দেশ থেকে ঢালাও প্রশংসা পেয়েছিলেন। 

এবার তিনি রাষ্ট্রসংঘের অর্থ ও বাজেট নিয়ন্ত্রক কমিটির সদস্য নির্বাচিত হলেন। এই কমিটির পোশাকি নাম অ্যাডভাইসরি কমিটি অন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড বাজেটারি কোশ্চেনস (ACABQ)। সারা পৃথিবীতে রাষ্ট্রসংঘের সব রকম আর্থিক কর্মকাণ্ডের জন্য যে বাজেট বরাদ্দ এবং অডিট হবে, তাতে সম্মতি দেওয়া বা না দেওয়ার ক্ষমতা থাকবে বিদিশারও।

নির্বাচনে বিদিশা মৈত্রের সাফল্যকে বড়োসড়ো কূটনৈতিক জয় হিসেবে দেখছে ভারত। যে পদে তিনি নির্বাচিত হয়েছেন, তা এলাকাভিত্তিক। নির্বাচনে তাঁর পক্ষে পড়ে ১২৬টি ভোট। বিপক্ষে ৪৬টি ভোট। এর থেকে পরিষ্কার, দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের প্রতিই সমর্থন বেশি গোটা দুনিয়ার।  তাছাড়া আগামী বছর থেকে আরও দু’বছরের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করছে ভারত। তার আগে বিদিশার এই জয় বেশ তাৎপর্যপূর্ণ। 
 

Developed by DXDasia