সারা দেশে প্রথমবার, পর্যটন কর্মীদের টিকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

৬ লক্ষ মানুষকে প্রতিষেধক দেওয়া হবে

কোভিড সংক্রমণের হার কমছে দ্রুত। চেনা ছন্দে ফেরার অপেক্ষায় পর্যটন এবং আতিথেয়তা শিল্প। করোনা মোকাবিলায় যাতে কোনো রকম গাফিলতি না ঘটে, তার জন্য দৃঢ়-প্রতিজ্ঞ রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পর্যটন দপ্তরের উদ্যোগে তাই রাজ্যের সমস্ত হোটেল, রেস্তরাঁ, হোমস্টে, ধাবার মালিক এবং কর্মী, অ্যাপের খাবার সরবরাহকারী – সবাইকেই কোভিডের টিকা দেওয়া শুরু হল। 

কলকাতার পার্ক হোটেলে আজ এই কর্মসূচির উদ্বোধন হয়। হাজির ছিলেন পর্যটন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী, পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর কৌশিক ভট্টাচার্য, হোটেলস অ্যান্ড রেস্তরাঁস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি সুদেশ পোদ্দার এবং পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিশিষ্টজনেরা । 

আজকের অনুষ্ঠানে মন্ত্রী ইন্দ্রনীল সেন 

মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, “৬ লক্ষ মানুষকে প্রতিষেধক দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগোচ্ছি। কাজ শুরু হবে ১.৮৪ লক্ষ মানুষকে টিকাকরণের মাধ্যমে। যত দ্রুত সম্ভব বাকিদেরও টিকা দেওয়া হবে। পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের এমন উদ্যোগ ভারতে প্রথম। আশা করি সারা দেশ আমাদের অনুসরণ করবে।”  আজকের অনুষ্ঠানে প্রায় ২০০ লোককে টিকা দেওয়া হয়। 

টিকাকরণ কর্মসূচিতে পর্যটন দপ্তরের সঙ্গে রয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং কলকাতা পুরসভা। ১০টি জায়গায় ভ্যাকসিন দেওয়া হবে শুরুতে। ৭টি কলকাতা পুরসভা এলাকায়, ৩টি রাজারহাট-নিউ টাউন পুরসভা অঞ্চলে। এরপর ধাপে ধাপে দার্জিলিং, শিলিগুড়ি, আসানসোল এবং অন্যান্য জায়গাতেও টিকাকরণ হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বিশেষভাবে উল্লেখ করেন ইন্দ্রনীল সেন। বলেন, “লকডাউন ঘোষণা হওয়ার পর ২০২০ সালের ২৪ জুন থেকে মুখ্যমন্ত্রী কোভিডের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন।  তাঁর নেতৃত্বে আমরা সত্যিই গর্বিত।”
 

Developed by DXDasia