সৃজিতের হাত ধরে বড়োপর্দায় ফিরছেন মহানায়ক

এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন স্বয়ং উত্তমকুমার

“একটা ছবি করলাম ‘অতি উত্তম’ নামে, যেটার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন উত্তমকুমার।” এ কী বলছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। আসলে সৃজিতের পরের ছবির নাম ‘অতি উত্তম’, যার প্রধান চরিত্র উত্তমকুমার। যিনি মহানায়ক হয়েই আসেন এবং ভক্তের সঙ্গে কথা বলেন। ভক্তের এক প্রেমঘটিত সমস্যার সমাধানও করে দেন। উত্তমকুমার (Uttam Kumar) অভিনয় করেছেন মানে বোঝানো হচ্ছে, উত্তম অভিনীত চরিত্রের নানান পুরোনো ফুটেজ এখানে ব্যবহার করা হয়েছে। সৃজিত জানিয়েছেন, প্রায় তিনবছর সময় লেগেছে চিত্রনাট্য লিখতে। ছবিতে অন্যরকম মাত্রা পাবে ভিএফএক্সের কাজ।

ছবিটি প্রযোজনা করছেন ক্যামেলিয়া। সহ-প্রযোজনায় ম্যাচকাট এবং ফোর্থ ডায়মেনশন। এই প্রথমবার সৃজিতের ছবিতে সেই অর্থে কোনও স্টারকাস্ট নেই। বেশিরভাগই নতুন মুখ। অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য, উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় এবং আরও অনেকে। অতিমারী সময়ের ফসল এই ছবিটি মুক্তি পেতে পারে চলতি বছরেই।

Developed by DXDasia