সৃজিতের হাত ধরে ফেলুদা ফিরছে ওয়েবে, নতুন ফেলুদা কে?

ছিন্নমস্তার অভিশাপ আর যত কাণ্ড কাঠমাণ্ডুতে নিয়ে হবে নতুন ওয়েব সিরিজ

বছর ফুরোনোয়ার আগেই এ-বছরের অন্যতম বড়ো চমকটা দিলেন সৃজিত মুখোপাধ্যায়। আড্ডা টাইমস ওয়েব প্ল্যাটফর্মের হাত ধরে এই প্রথম ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি। আর, তাঁর পরিচালিত প্রথম ওয়েব সিরিজটি হতে চলেছে ‘ফেলুদা ফেরত’। সন্দীপ রায়ের থেকে ওয়েবসিরিজের সত্ত্ব নেওয়াও শেষ। গতকাল নিজের ফেসবুক পেজে এই খবর নিজেই জানিয়েছেন সৃজিত।

নিঃসন্দেহে ফেলুদা-প্রেমীদের কাছে এ এক বিরাট খবর। ওয়েবসিরিজের হাত ধরে আবার নতুন ফেলুদা পাবেন দর্শকরা। সৃজিতের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ফেলুদাকে নিয়ে ছবি বানানোর। অবশেষে সেই স্বপ্নপূরণ হতে চলেছে। আপাতত ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ গল্প দুটি নিয়েই বানানো হবে এই ওয়েবসিরিজ। 

ফেলুদা কে হবেন, তা এখনো নিশ্চিত করেননি পরিচালক। যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, টোটা রায় চৌধুরীদের নাম হাওয়ায় ভাসছে। তোপসে চরিত্রেও থাকবে চমক। জটায়ু খুব সম্ভবত করবেন অনির্বাণ চক্রবর্তী। এর আগে পরমব্রত চট্টোপাধ্যায়কে ফেলুদা চরিত্রে দেখা গেছে ওয়েবসিরিজে। সৃজিতের হাত ধরে নতুন ফেলুদা কতখানি চমক নিয়ে হাজির হবেন, তা সময়ই বলবে।   
 

Developed by DXDasia