ধরা যাক, পনেরো বছর পর কোনো একটি রবিবার হঠাৎ দেখা হয়ে গেল দুজনের

অতনু ঘোষের পরবর্তী ছবি ‘রবিবার’

একটাই দিন। সমস্ত ব্যস্ততার টানাপড়েন যেখানে একজায়গায় বসে মুখোমুখি হতে পেরেছে। ধরা যাক সেই দিন কোনো একটি রবিবার। দুজনে মিলিত হয়েছে অনেকদিন পর। ঘৃণা, প্রতারণা, প্রেমের মিশেলে তাঁদের বন্ধুত্ব আজও অটুট। এই দুজনের অতীত নিয়েই আস্ত একখান ছবি। হঠাৎ এক রবিবার দেখা হয়ে যায় দুজনের। তারপর বদলাতে থাকে সবকিছু। সিনেমা শুরু হয় রোববারের সকাল দিয়ে। শেষ হয় রোববারের রাতে। অর্থাৎ একটি দিনের গল্প। কিন্তু সেখানে সাবটেক্সট হিসাবে উঠে আসে তাঁদের ফেলে আসা জীবন। তারা হন্যে হয়ে অতীতকে হাতড়ে বেড়ান। বর্তমানের বেঁচে থাকা তাঁদের ভাবায়।


রবিবার ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 

পরিচালক অতনু ঘোষের নতুন ছবি ‘রবিবার’। সেই ছবিতেই উঠে আসবে সম্পর্কের এহেন টানাপড়েন। অতনু ঘোষ মানুষের সাইকোলজি নিয়ে খেলতে ভালোবাসেন। এর আগেও তাঁর প্রায় সমস্ত ছবিতে হাত ধরাধরি করে এসেছে প্রেম, ঘৃণা, জটিল মনস্তত্ব, সর্বোপরি তুমুলভাবে বেঁচে থাকার গল্প। বাংলা চলচ্চিত্র জগতে অতনু ঘোষের প্রত্যেকটি ছবিই খুব গুরুত্বপূর্ণ। তাঁর নির্মিত প্রথম ছবি ‘অংশুমানের ছবি’ (২০০৯)। তারপর একে একে ‘তখন তেইশ’ (২০১০), ‘রূপকথা নয়’ (২০১৩), ‘এক ফালি রোদ’ (২০১৪), ‘অ্যাবি সেন’ (২০১৫), ‘ময়ুরাক্ষী’ (২০১৭) তৈরি হয়েছে। ‘ময়ুরাক্ষী’ ছবির জন্য ৬৫তম জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির জন্য সম্মানিত হয়েছিলেন অতনু। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একসঙ্গে দেখা গিয়েছিল বাবা-ছেলের ভূমিকায়।

ছবির দুটি পোস্টার 

অতনু ঘোষের পরবর্তী ছবি ‘রবিবার’-এর টিজার প্রকাশ্যে এসেছে। প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়া এহসানকে। তাঁদের দুজনের উপর ভিত্তি করেই নির্মিত হয়েছে এই ছবি। অতনু ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্টার প্রকাশ করে লিখেছেন, “দূরে গ্রামাফোনে আলি আকবর/ আত্মমগ্ন বাজছিল/ কাল রাতে ঠিক মাঝরাতে ঠিক/ তোমায় মনে পড়ছিল।” সাপ্তাহিক ছুটির দিন হল রবিবার। সেই দিন একসঙ্গে থাকা, আড্ডা, খাওয়া-দাওয়া – প্রায় সমস্ত বাড়িরই ছবি। মন খারাপ, মান-অভিমান ভুলে নতুন করে শুরু করা। এই ছবিতেও অসীমাভ ও সায়নীর ভেঙে যাওয়া সম্পর্কের নয়া সমীকরণ তৈরি হয় একটি রবিবারে। পনেরো বছর পর হঠাৎ এক রবিবারে দেখা হয় তাদের। বিষণ্ণ আর মনকেমনের মাঝে পুরোনো স্মৃতিরা ভিড় করে আসে।

রবিবার ছবিতে জয়া এহসান 

স্বভাবতই এই ছবি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। দেবজ্যোতি মিশ্রের সংগীত, সুজয় দত্ত রায়ের সম্পাদনা, গৌতম বসুর শিল্প, আপ্পু প্রভাকরের চিত্রগ্রহণে প্রাণ পাবে এই ছবি। ছবিটি প্রযোজনা করেছে ইকো এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। ‘রবিবার’ মুক্তি পাবে চলতি মাসের ২৭ ডিসেম্বর।

Developed by DXDasia