জীবনের গল্পটা আলাদা হলেও প্রতিটি মেয়েই যেন এক

‘অন্দরকাহিনি’ ছবির মূল কেন্দ্রে চারজন ভিন্নসত্তার নারী

সমাজের চার কোণে চার নারী। প্রত্যেকের জীবনের গল্পটা হয়তো আলাদা, কিন্তু কোথাও গিয়ে একটি কেন্দ্রবিন্দুতে মিলিত হচ্ছে সকলে। এই ঘুণধরা সমাজের নানারকম জটিলতা, কুটিলতা এবং সম্পর্কের টানাপোড়েনে কত কত মেয়ে এইভাবে প্রতিদিন হারিয়ে যায়। কে-ই বা খবর রাখি তাদের! ‘অন্দরকাহিনি’ ছবির মূল কেন্দ্রে চারজন ভিন্নসত্তার নারী। তাঁরা কখনও কারোর বোন, কারোর বন্ধু, কারোর স্ত্রী, কারোর সন্তান। অর্ণব মিদ্যার পরিচালনায় এই চার নারীই বলবে তাদের নিজেদের কথা। যাবতীয় নিষিদ্ধতার কথা।

এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার। প্রতিটি চরিত্রেই নানা রূপে দেখা যাবে তাঁকে। ‘আন্দরকাহিনি’ ছবিতে সমাজের বাঁধাধরা নিয়মের উল্টো স্রোত দেখানো হয়েছে। মেয়েদের যে কথাগুলো বাইরে বলা বারণ, যেখান থেকে তাদের ‘কম্প্রোমাইজ’ করার প্রসঙ্গ ওঠে, সবকিছুই এই ছবিতে জায়গা পেয়েছে। নারীর এই সম্পর্কের পরিস্থিতিগুলো কি একেবারেই ব্যক্তিগত, অন্দরের? আর তার জন্যই কি ‘অন্দরকাহিনি’? উত্তর জানা যাবে ছবি মুক্তির পর।

সদ্য মুক্তি পেয়েছে ছবির ফার্স্টলুক। সেখানে বিভিন্ন চরিত্রে দেখা যাচ্ছে একটাই মুখ। ‘অন্দরকাহিনি’ ছবিতে প্রতিটি চরিত্রই থাকছেন তাঁদের নিজেদের নামে। প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করেছেন রাজেশ শর্মা, সায়নী ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায় প্রমুখ। ছবির পুরোটাই শুটিং হয়েছে বাংলাদেশে। 

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে এই ছবি। এছাড়াও হায়দ্রাবাদ ফিল্ম ফেস্টিভ্যালেও স্ক্রিনিং হয়েছে। দ্য বুদ্ধ ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন অর্ণব৷ এছাড়াও ছবিটির ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার৷

ছবিসূত্র- ফেসবুক 

Developed by DXDasia