মহানগরের বুকে এক টুকরো তিব্বত

শান্তি এবং নৈঃশব্দের কোরাস

কলকাতার ব্যস্ত ভিড়ের মাঝে লুকিয়ে রয়েছে এক তিব্বতি বৌদ্ধ মঠ। প্রবেশ করলেই আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে। যে সব পর্যটক কলকাতায় ঘুরতে আসবেন, তাঁদের জন্য বাড়তি আকর্ষণ।

মহানগরে কত রকম সংস্কৃতির মানুষ বসবাস করেন, তার একটা পাইল চার্ট যদি তৈরি করা যায়, দেখবেন তিব্বতিদের সংখ্যা প্রায় বিন্দুর মতো। তিলোত্তমার বুকে তাঁরা যেসব কীর্তি স্থাপন করেছেন, তার মধ্যে বৌদ্ধ মঠ এবং স্তূপের কথা বলাই যায়। জমজমাট দক্ষিণ কলকাতার বুকে তার অবস্থান। তবে আমরা মহাবোধি সোসাইটির কথা বলছি না, যে প্রতিষ্ঠান শহরে বুদ্ধচর্চার সবথেকে জনপ্রিয় আকর্ষণ। যদিও বৌদ্ধধর্মের সঙ্গে বাঙালির যোগ সেই প্রাচীনকাল থেকেই।

আজ বলতে চলেছি চক্রবেড়িয়া লেনে কর্ম গন বৌদ্ধ মঠ-এর গল্প। বাইরে থেকে খুব একটা চোখে পড়ার মতো জমকালো নয়। তাই পাশ দিয়ে যাওয়ার সময় হয়তো আপনিও খেয়াল করেননি।

তিব্বত-সিকিম সীমান্ত দিয়ে এসে অল্প কয়েকজন তিব্বতি আশ্রয় নিয়েছিলেন কলকাতায়। প্রত্যেক বছরের শীতে আজও ওয়েলিংটন স্কোয়ারে রাস্তার ধারে স্টলে পশমজাত দ্রব্যের পসরা সাজিয়ে বসেন তিব্বতিরা।

মোটামুটি ১৯৫১ সাল পর্যন্ত তিব্বতিরা কলকাতায় আসতেন প্রধানত শীতের পর্যটক হিসেবে। ভুটানিদের সঙ্গে তাঁরা পশমের সামগ্রী বিক্রি করতেন। এখনও করেন অনেকে। ১৯৫১ সালে তিব্বতকে দখল করে নিল চিন। তিব্বত-সিকিম সীমান্ত দিয়ে এসে অল্প কয়েকজন তিব্বতি আশ্রয় নিয়েছিলেন কলকাতায়। প্রত্যেক বছরের শীতে আজও ওয়েলিংটন স্কোয়ারে রাস্তার ধারে স্টলে পশমজাত দ্রব্যের পসরা সাজিয়ে বসেন তিব্বতিরা। তিব্বতের নিজস্ব খাবার মোমো এবং থুকপার ভক্ত আমরা অনেকেই। শহরের তিব্বতি রেস্তোরাঁগুলোয় ভিড় করেন খাদ্যরসিকরা। তিব্বতি ওষুধও কেউ কেউ বিকল্প চিকিৎসা হিসেবে গ্রহণ করে থাকেন।

 

কর্ম গোন মঠের কথায় ফিরে আসা যাক। কলকাতার খুব কম লোকই এই বৌদ্ধ মঠের নাম শুনেছেন। সময়-সুযোগমতো ঘুরে আসুন একবার। যখনই মঠের ভিতরে ঢুকবেন, মনে হবে যেন প্রবেশ করছেন অন্য জগতে। পরম শান্তি এবং নৈঃশব্দের দুনিয়া। সঙ্গে থাকবে দারুণ সব রঙিন শিল্পকীর্তি। যে কোনো বৌদ্ধ মঠেই পাবেন এমন পরিবেশ।

আক্ষরিকভাবে ‘কর্ম গোন’ মানে হল ‘কর্মের মন্দির’। ‘কর্ম’ নামে তিব্বতি বৌদ্ধ ধর্মের একটি শাখা রয়েছে। কলকাতায় এই মঠ নির্মিত হয় ১৯৩৫ থেকে ১৯৩৭ সালের মধ্যে কোনো এক সময়ে। পরে তাকে নতুনভাবে সাজানো হয়। এখন যে রূপ আমরা দেখতে পাই, তা গড়ে উঠেছে ১৯৭৬-৭৭ সাল নাগাদ। 

মঠের কেন্দ্রীয় প্রার্থনাঘরটি দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। ঢোকার মুখে রয়েছে সুন্দর কয়েকটি প্রার্থনাচক্র। যেগুলির ধ্বনি আপনার মন প্রশান্তিতে ভরিয়ে দেবে। অলংকৃত এবং বক্রাকার স্তম্ভগুলিও দেখার মতো। রয়েছে ধ্যানী বুদ্ধের বিগ্রহ। তবে মূল আকর্ষণ হল মঠ চত্বরের স্তূপটি। মহানগরের ব্যস্ত জনজীবনের মাঝখানে এই স্তূপ যেন শান্ত স্থির হয়ে সমাহিত আছে। বৌদ্ধপন্থার আদিকাল থেকেই স্তূপ নির্মিত হয়ে আসছে ধর্মীয় স্থাপত্য হিসেবে। কলকাতার বুকে এমন নিদর্শন দেখে আসতে ভুলবেন না।

ঠিকানা – ৭, চক্রবেড়িয়া লেন, কলকাতা (পদ্মপুকুর বাস স্ট্যান্ডের কাছে)
সময় – সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। 

Developed by DXDasia