পর্যটন সংকটের মধ্যেও ঘুরে দাঁড়াল বাংলা

২০২০-র দ্বিতীয়ার্ধে লাভের মুখ দেখল পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম

গত বছর মার্চের শেষে লকডাউন জারি হয় সারা দেশে। পরিবহনে বেশ কিছু নিষেধাজ্ঞা আসে। রেল এবং বিমান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সংকটের মুখোমুখি হয় পর্যটন শিল্প। হোটেলগুলো ফাঁকা পড়ে থাকে মাসের পর মাস। রেল স্টেশন আর এয়ারপোর্টে ধুলো জমতে থাকে।  বহু মানুষের রোজগার যায় থেমে। বিশেষজ্ঞরা বলতে থাকেন, এমন শোচনীয় অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে কয়েক বছর লাগবে।  অদূর ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই।

কালিম্পংয়ের মর্গ্যান হাউজ 

পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ১৬৯তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় গত বছর ডিসেম্বরের ১৮ তারিখ।  তাতে দারুণ আশার খোঁজ মেলে। দেখা যায় এবছরে প্রথমবার লাভের মুখ দেখেছে নিগম। পরিসংখ্যান থেকে উঠে আসে, এই সংকটের সময়ে বিশ্বের অন্যান্য জায়গার চেয়ে রাজ্য পর্যটন অনেক বেশি মানুষকে আকর্ষণ করতে পেরেছে।

ঝাড়গ্রাম রাজবাড়ি 

ভ্রমণার্থীরা বেড়াতে গিয়ে থাকার জন্য পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ট্যুরিজম প্রপার্টিগুলি বেছে নিয়েছেন। পরিসংখ্যানে দেখা যায়, ২০২০-র আগস্ট থেকে নভেম্বর অবধি কার্ভ গিয়েছে ওপরের দিকে। 

মূর্তি ট্যুরিজম প্রপার্টি 

ঘর বিক্রির কথা যদি ধরা হয়, আগস্টে উপার্জন হয়েছে ৪২.৪৫ লাখ টাকা। সেপ্টেম্বরে বেড়ে ৫২.৫৪ লাখ টাকা, অক্টোবরে ১.০৭ কোটি এবং নভেম্বরে ১.২১ কোটি। বৃদ্ধির হার যথাক্রমে, ২৩.৭৬ শতাংশ, ১০২.২৭ শতাংশ এবং ১৩.৮৫ শতাংশ। খাবার বিক্রি করে আগস্টে রোজগার হয়েছে প্রায় ১৪ লাখ টাকা। সেপ্টেম্বরে ৩৭.৫৫ লাখ (লাফ দিয়ে ১৬৮.৬৬ শতাংশ বৃদ্ধি), অক্টোবরে ৮০.২৮ লাখ (১১৩.৮০ শতাংশ) এবং নভেম্বরে ৮২.৩০ লাখ।

অরণ্য ট্যুরিজম প্রপার্টির শান্ত কটেজ, জলদাপাড়া 

বেশির ভাগ ক্ষেত্রেই অক্টোবরে বৃদ্ধির হার বেশি। তার কারণ রাজ্যের প্রধান উৎসব দুর্গাপুজো। 'প্যাকেজ অ্যান্ড আদার ইনকাম'-এর ক্ষেত্রে আগস্টে রোজগার ছিল ৩.৪৮ লাখ, যা অক্টোবরে ৭.৮০ লাখে দাঁড়ায়। অকুপেন্সির তথ্য ডিসেম্বরের প্রথম সপ্তাহ অবধি পাওয়া গিয়েছে। বৃদ্ধির হার উল্লেখযোগ্য। আগস্টে ৬ শতাংশ, সেপ্টেম্বরে ২৭ শতাংশ, অক্টোবরে ৫২ শতাংশ, নভেম্বরে ৫৫ শতাংশ, ডিসেম্বরের ৭ তারিখ পর্যন্ত ৮০.১৪ শতাংশ। নভেম্বরে মুনাফা হয়েছে সব মিলিয়ে ৩.৪৩ লাখ টাকা।

ধাপে ধাপে আনলক শুরু হলে হোটেল, গেস্ট হাউজ, রিসর্টগুলি এক এক করে খুলতে থাকে। সরকারি নির্দেশ মেনে কোভিড স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করা হয় পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের প্রপার্টিগুলোয়। পর্যটকরা আস্থা ফিরে পেয়েছেন তাতে, পরিসংখ্যান দেখলেই বোঝা যায়।

রাজ্য ট্যুরিজম প্রপার্টিগুলির কোনো একটিতে বুকিং করতে এবং বিস্তারিত জানতে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের ওয়েবসাইটে ক্লিক করুন। অথবা যোগাযোগ করুন – 
West Bengal Tourism Development Corporation Ltd
DG Block, Sector-II, Salt Lake
Kolkata 700091
Phone: (033) 2358 5189, Fax: 2359 8292
Email: visitwestbengal@yahoo.co.in, 
mdwbtdc@gmail.com, 
dgmrwbtdc@gmail.com
 

Developed by DXDasia