
মৎস্য বন্দর থেকে ট্যুরিস্ট ডেস্টিনেশন
সমুদ্রকে নিজের মতো করে উপভোগ করতে চান? দিঘার খুব কাছেই রয়েছে মনোরম এক সৈকত। যদি ভিড়ভাট্টা আপনার পছন্দ না হয়, তাহলে আদর্শ গন্তব্য শঙ্করপুর। সমুদ্রের স্বাদ পাবেন, কিন্তু দিঘার মতো প্রচুর মানুষের হৈ-হল্লা এখানে নেই। সপ্তাহের শেষে নিরিবিলি ছুটি কাটানোর ইচ্ছে হলে একা কিংবা বন্ধুবান্ধব-আত্মীয়স্বজনকে নিয়ে চলে যান। পূর্ব মেদিনীপুর জেলায় দিঘা-কাঁথি রোডের পাশেই শঙ্করপুর। কলকাতা থেকে প্রায় ১৮৫ কিলোমিটার, দিঘা থেকে মোটামুটি ১৪ কিলোমিটার দূরে।
দিঘার থেকে শঙ্করপুরের সৌন্দর্য অনেকটাই আলাদা। দীর্ঘ বেলাভূমি যেন অফুরন্ত। দক্ষিণ দিকে হাঁটতে থাকলে ৪৫ মিনিটে পৌঁছে যাবেন মন্দারমণি। তবে কিছু সাবধানতা মেনে চলা দরকার। ভুলেও সৈকতে গাড়ি চালাবেন না। চোরাবালির ফাঁদে পড়লে উদ্ধার পাওয়া মুশকিল।

সৈকতের মজা ভালোভাবে নিতে চাইলে বেনফিস ট্যুরিস্ট লজের দিকটায় যেতে পারেন। বেসরকারি হোটেলের দিকে অতটা মজা পাবেন না। কয়েকমাস আগে আমফানে তাণ্ডবে সৈকতের অনেক ক্ষতি হয়েছে। ধ্বংসলীলার চিহ্ন এখনও পুরোপুরি মুছে যায়নি। তবে আপনার ছুটির আনন্দ চুটিয়ে উপভোগ করতে সমস্যা হবে না কোনো।

বর্ষাকালই শঙ্করপুর বেড়াতে যাওয়ার আদর্শ সময়। সমুদ্রের ওপরে ভিড় করেছে কালো মেঘ, আকাশে মাঝেমধ্যে বজ্রের ঝলকালি, হঠাৎ বৃষ্টি – সব মিলিয়ে দারুণ পরিবেশ। শীতকালে অবশ্য শঙ্করপুরের আরেক মোহময়ী রূপ। শহরে যাঁরা থাকেন, মুগ্ধ হয়ে যাবেন। সূর্যোদয় এবং সূর্যাস্তের মায়াবী দৃশ্য তো আছেই। আর সমুদ্রের ধারে সিফুড খাওয়ার মজাই আলাদা। পশ্চিমবঙ্গে সরকার পর্যটকদের জন্য শঙ্করপুরকে ঢেলে সাজিয়েছে।
আরও পড়ুন: লামাহাট্টা – পাহাড়ের কোলে ইকো-ট্যুরিজম
মৎস্যবন্দর হিসেবেও খ্যাতি পেয়েছে শঙ্করপুর। সমুদ্রের ধারে দেখতে পাবেন, মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মৎস্যজীবীরা। কেউ বা ঠিক করে নিচ্ছেন জাল। ইচ্ছে করলে কথা বলতে পারেন তাঁদের সঙ্গে। মৎস্যজীবীদের অভিজ্ঞতার ঝুলি অনন্ত।

দিঘালি ট্যুরিজম প্রপার্টি
চাইলে ধর্মতলা থেকে দিঘাগামী বাসে করেও যেতে পারেন। এছাড়া হাওড়া, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া – রাজ্যের নানা জায়গা থেকে দিঘার বাস ছাড়ে। চৌদ্দ মাইল অথবা রামনগরে নামতে হবে বাস থেকে। তারপর ট্রেকার কিংবা ভ্যানে চড়ে পৌঁছে যান শঙ্করপুর।
দিঘাগামী ট্রেনে উঠেও শঙ্করপুর যাওয়া যায়। তাহলে আপনাকে নেমে পড়তে হবে রামনগর স্টেশনে। সেখান থেকে শঙ্করপুর।
কোভিড মহামারির জন্য পরিবহনে বেশ কিছু অদল-বদল ঘটেছে। যাওয়ার আগে তাই সব কিছু ভালো করে খোঁজ নিন।
কোথায় থাকবেন
শঙ্করপুরে কয়েকটি বেসরকারি হোটেল রয়েছে। আর দিঘায় আছে পশ্চিমবঙ্গে পর্যটন উন্নয়ন নিগমের দিঘালি ট্যুরিজম প্রপার্টি। স্বচ্ছন্দে কয়েকদিন থাকতে পারেন সেখানে। সড়কপথে শঙ্করপুর থেকে দিঘা ১২ কিলোমিটারের মতো দূরে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন –
West Bengal Tourism Development Corporation Ltd
DG Block, Sector-II, Salt Lake
Kolkata 700091
Phone: (033) 2358 5189, Fax: 2359 8292
Website: https://www.wbtdcl.com/
Email: visitwestbengal@yahoo.co.in,
mdwbtdc@gmail.com,
dgmrwbtdc@gmail.com

