লামাহাট্টা – পাহাড়ের কোলে ইকো-ট্যুরিজম

উত্তরবঙ্গের অফবিট গন্তব্য

পাইন আর ধুপি গাছের জঙ্গলে ঘেরা ছোট্ট পাহাড়ি গ্রাম। ভিড়ভাট্টা বিশেষ নেই। পর্যটকদের কাছে অফবিট গন্তব্য এখনও। তবে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। মেঘের কোলে নির্জনে কয়েকটা দিন যদি কাটাতে চান, উত্তরবঙ্গের লামাহাট্টায় ঘুরে আসুন। দার্জিলিংয়ে খুব কাছেই। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি রিজার্ভ করে বা শেয়ার জিপে রওনা দিলে ঘণ্টা তিনেকের মধ্যে পৌঁছে যাবেন।

দার্জিলিং শহর থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে লামাহাট্টা। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ৫৭০০ ফুট। ২০১২ সালে এখানে গড়ে ওঠে ইকো-ট্যুরিজম প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গ্রামের পথ দিয়ে যাওয়ার সময়ে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন। ছবি তোলার জন্য থামেন। বুঝতে পারেন, জমজমাট পর্যটনকেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে লামাহাট্টায়। রাজ্য প্রশাসন কাজ শুরু করে দেয় সেইমতো। ইকো-ট্যুরিজম পার্ক এখন ছোট্ট গ্রামটির অন্যতম প্রধান আকর্ষণ।

শেরপা, ভুটিয়া, তামাং, ইয়ালমো, ডুকপার মতো নানা উপজাতির বাস লামাহাট্টায়। বেশিরভাগ বাসিন্দা কৃষিকাজ আর পশুপালনে করে জীবিকা নির্বাহ করেন। 'লামাহাট্টা' শব্দের অর্থ 'লামাদের আশ্রম'। দার্জিলিং-কালিম্পং হাইওয়ে দিয়ে পর্যটকরা সহজেই পৌঁছতে পারেন। স্থানীয় বাসিন্দারা এবং পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে শুরু এবং পরিচালিত হয় ইকো-ট্যুরিজম পার্ক। প্রকৃতি যেভাবে সেজে উঠেছে পার্কে, দেখে ভরে যাবে আপনার মন। রয়েছে কাঠের ওয়াচ টাওয়ার। নানা ধরনের অর্কিড, মনোরম পাইন গাছ, রঙিন পতাকা যেন এক মায়াবী আবেশ তৈরি করে। আকাশ পরিষ্কার থাকলে দূরের পর্বতশৃঙ্গগুলো দেখতে পাবেন। চোখে পড়বে বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিং, টাইগার হিল আর রঙ্গিত নদীও দেখা যায় এখান থেকে।

লামাহাট্টা থেকে চাইলে ঘুরে আসুন তিস্তা বাজার। আশেপাশের চা বাগানেও যেতে পারেন। সময় পেলে চলে যান তাকদা। 


 

কীভাবে যাবেন
লামাহাট্টা যেতে গেলে আপনাকে শিয়ালদহ বা হাওড়া স্টেশন থেকে উত্তরবঙ্গের ট্রেন ধরে নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছতে হবে। আকাশপথে গেলে নামতে হবে বাগডোগরা বিমানবন্দরে। তারপর ভাড়া করতে হবে লামাহাট্টা যাওয়ার গাড়ি। যে হোমস্টে বা লজে থাকবেন, আগে বলে রাখলে তারাও গাড়ি পাঠিয়ে দেয়। লামাহাট্টা পৌঁছতে সময় লাগবে ঘণ্টা তিনেক। মহামারির কারণে এখনও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। তাই সড়কপথে যাওয়াই ভালো।
কোথায় থাকবেন
ভিড় যাতে খুব না হয়, তার জন্য লামাহাট্টায় কোনো বড়ো হোটেল নেই। তবে বেশ কিছু হোমস্টে রয়েছে। মনোরম থাকার ব্যবস্থা। তাঁবু ভাড়া করেও থাকতে পারেন ইচ্ছে করলে। এছাড়াও থাকতে পারেন লামাহাট্টা লজে (ফোন নম্বর -৯৪৩৪১৩০৭০৪, ৯৮৩২৫২০১৬৫, ৯৫৯৩৭৩৫৫৯৯)। বিস্তারিত জানতে যোগাযোগ করুন –

West Bengal Tourism Development Corporation Ltd
DG Block, Sector-II, Salt Lake
Kolkata 700091
Phone: (033) 2358 5189, Fax: 2359 8292
Email: visitwestbengal@yahoo.co.in, 
mdwbtdc@gmail.com, 
dgmrwbtdc@gmail.com

Developed by DXDasia