কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্রের বাড়িতে মহাধূমধামে পালিত হয় রথযাত্রা

রথযাত্রা উপলক্ষ্যে মেলা বসে এখানে

“দেশপ্রেম ধর্ম এবং ধর্ম ভারতের জন্য ভালবাসা” – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

নৈহাটির কাঁঠালপাড়ায় সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসস্থান সংস্কারের পর বর্তমানে তৈরি হয়েছে ‘বঙ্কিম ভবন’। সেখানে একটি সংগ্রহশালা ও হলঘর গড়ে উঠেছে। সংগ্রহশালার ঘরেই আছে বঙ্কিমচন্দ্রের লেখার টেবিল ও চেয়ার। এখানে বসেই তিনি ১৮৭৫ সালে ‘বন্দেমাতরম’ রচনা করেছিলেন। 

বঙ্কিম ভবন

বঙ্কিমচন্দ্র ছিলেন পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ও মাতা দুর্গাদেবীর তৃতীয় সন্তান। মূল বসতভিটের ভিতরে আছে তাঁর জন্মস্থান ও শয়নকক্ষ। সেখানে তাঁর ব্যবহৃত পালঙ্ক, দেরাজ-আলমারি ও দেওয়াল ঘড়ি রয়েছে। আধুনিক বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তাঁর অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যে অমর হয়ে থাকবেন।

বঙ্কিম ভবনের সামনেই একটি খেলার মাঠ আছে। ভবনে সংগৃহীত রয়েছে তাঁর পোশাক, বিভিন্ন মানপত্র, চিঠি, দস্তাবেজ ইত্যাদি নানা সামগ্রী। বঙ্কিমচন্দ্র বাংলা ভাষার সাহিত্যপত্র ‘বঙ্গদর্শন’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। সংগ্রহশালায় পত্রিকাটি সংরক্ষিত করা আছে। বৈঠকখানা ভবনের লাগোয়া প্রাচীন পঞ্চরত্ন শিবমন্দির অবস্থিত। যার অনেকটাই একসময় রেলের হস্তান্তর হয়ে দখলে চলে যায়। শিব মন্দিরে পুজো নিয়মিত হয় এখনো।

শ্রী শ্রী রাধাবল্লভ জিউ
 

চট্টোপাধ্যায় পরিবারের আরাধ্য গৃহদেবতা হলেন শ্রী শ্রী রাধাবল্লভ জিউ। রাধাবল্লভ মন্দিরের পরিবেশটি খুব শান্ত ও মনোরম। প্রতিবছর রথের দিন এখানে মেলা বসে। গৃহদেবতা রাধাবল্লভ রথে আসীন হন। রথটি কাঠ দিয়ে নির্মিত হলেও পিতলের পাত দিয়ে রথসজ্জা হয়। রথ উৎসব উপলক্ষ্যে নয়দিন ধরে এই মেলা চলে। 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পারিবারিক আবাসস্থল

এই মেলা শুরু হয়েছিল ১৮৬২ সালে। নৈহাটির কাঁঠালপাড়া অঞ্চলে এটিই সবচেয়ে পুরোনো রথ উৎসব। আগে রথের মেলায় প্রকাণ্ড এক দোচালার মধ্যে পুতুল নাচ হত। তবে এখন আর পুতুল নাচ দেখা যায় না। আর ছিলো মকদ্দমার সঙ, কিন্তু আজ সেও অতীত। পাঁপড়, জিলিপি, অনেক রকমারি খাবার আর মনোহারী জিনিসের দোকান আজও আছে যা রথের ঐতিহ্যকে বহন করে রেখেছে। শুধুমাত্র এই একটি রথের মেলাতেই এলাকার বাসিন্দারা এখনও নয়দিন রথদর্শন, হরিনাম সংকীর্তন, নৃত্য এবং বিভিন্ন অনুষ্ঠানে মেতে ওঠেন। 

চট্টোপাধ্যায় বাড়ির রথ 

কালের প্রভাবে আজ সেই ঔজ্জ্বল্য হয়তো সমান বজায় নেই, তবে এখনও এই রথযাত্রার উৎসব দেখতে বহু মানুষের সমাগম হয়। কিন্তু বর্তমান সময়ে করোনা আবহে এই বছর মেলা বা রথ আদৌ হবে কিনা তা নিয়ে এলাকাবাসীরা নিশ্চিত নন।

বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তি 

তথ্যঋণ – বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র, কাঁঠালপাড়া
রথের ছবি সংগৃহীত 
অন্যান্য ছবি- সৌম্যশ্রী চন্দ্র

 

Developed by DXDasia