
এটিকে সোনা মসজিদ নামেও ডাকা হয়
মালদা জেলার পান্ডুয়াতে ইতিহাস কথা বলে পর্যটকদের সঙ্গে। হারিয়ে যাওয়া যুগের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানকার বিভিন্ন স্থাপত্য। যেমন আদিনা মসজিদ, কুতুব শাহি মসজিদ, একলাখি সমাধিসৌধ কিংবা পির দরবেশদের সমাধি। বাংলা স্বাধীন সুলতান শামসউদ্দিন ইলিয়াস শাহ এখানে তাঁর রাজধানী স্থাপন করেছিলেন। ইলিয়াস শাহি বংশের বেশ কয়েকজন সুলতান শাসনকার্য চালাতেন এখান থেকেই। এই শহরের আরেক নাম ছিল ফিরোজাবাদ, যে নাম সম্ভবত বাংলার আরেক সুলতান শামসউদ্দিন ফিরোজ শাহের থেকে এসেছে। টাঁকশালের জন্য খ্যাতি ছিল এই শহরের। পান্ডুয়াতে রয়েছে জালালউদ্দিন তবরিজি এবং নুর কুতুব আলম নামের দুই নাম করা সুফি সাধকের খানকাহ। তাই, শহরটিকে হজরত পান্ডুয়া বলেও ডাকা হয়।
মসজিদের অভ্যন্তর
পান্ডুয়াতে নুর কুতুব আলমের সমাধি এবং একলাখি সমাধিসৌধের মাঝখানে রয়েছে কুতুব শাহি মসজিদ। আকারে ছোটো হলেও দেখতে খুবই সুন্দর। একলাখি সৌধের পাশে থাকলেও দু’টি স্থাপত্যের নির্মাণকালের ফারাক যথেষ্ঠ – দেড় শতাব্দীর কাছাকাছি। পঞ্চদশ শতকের প্রথমভাগে একলাখি সৌধ গড়ে উঠেছিল। তখন বাংলায় চলছে স্বাধীন সুলতানি শাসন। আর কুতুব শাহি মসজিদ তৈরি হয়েছে ষোড়শ শতকের শেষ দিকে, ১৫৮২ সালে। বাংলা ততদিনে দোর্দণ্ডপ্রতাপ মুঘল সাম্রাজ্যের অধীনে। সুফি সাধক নুর কুতুব আলমের সম্মানে এই মসজিদ নির্মাণ করিয়েছিলেন তাঁর বংশধর এবং শিষ্য মখদুম শেখ।
মসজিদের ভিতরের একটি দৃশ্য
কুতুব শাহি মসজিদের একটি অংশ
এটিকে সোনা মসজিদ নামেও ডাকা হয়। এই মসজিদের বাইরে সোনালি রঙের আস্তরণ ছিল। সূর্যের আলোয় তা সোনার মতো ঝলমল করত। বড়ো সোনা মসজিদ এবং ছোটো সোনা মসজিদেও এরকম সোনালি রং ছিল। কেউ কেউ বলেন, সত্যিকারের সোনায় গিলটি করা ছিল এই মসজিদ।
মসজিদের একটি অংশ
আরও পড়ুন: নবাবি ইতিহাস কথা বলে হাজারদুয়ারি প্রাসাদে
গৌড়ের বড়ো সোনা মসজিদের সঙ্গে এটির বেশ সাদৃশ্য আছে। তবে কোনো সুলতানের রাজকীয় পৃষ্টপোষকতায় কুতুব শাহি মসজিদ গড়ে ওঠেনি। মুঘল আমলে নির্মিত হলেও এই মসজিদের গড়ন সুলতানি রীতিরই অনুসারী। এটির মূল উপাদান পাথর এবং ইট। দশটি গম্বুজ ছিল এক সময়ে, যা কালের গর্ভে হারিয়ে গিয়েছে। আর ছিল চারটি মিনার। ভিতরে এখনও পাঁচটি মিহরাব দেখা যায়। প্রধান মিহরাবের উত্তরে রয়েছে একটি উঁচু মিম্বার, ঠিক আদিনা মসজিদের মতো। মিম্বারের সামনে একটি আয়তাকার পাথরের মঞ্চ, যাকে স্থানীয় কোনো দরবেশের সমাধি মনে করা হয়।
মসজিদের একটি অংশ
কুতুব শাহি মসজিদের অবস্থান
আম্রপালি ট্যুরিজম প্রপার্টির অবস্থান
