
বইমেলার মাঠ মানেই বইমেলা কেন্দ্রিক বিভিন্নরকম থিম সং
বইপ্রেমী বাঙালির অকালবোধন দুটি — একটি বাকি সবার মতো শরৎকালে, অপরটি কলকাতা বইমেলায় (Kolkata International Book Fair)। পুজোর আগে হাওয়ায় যেমন পুজোর সুবাস ভাসে, এই সময় কলকাতার হাওয়াবাতাস ভরে ওঠে নতুন বইয়ের নেশাতুর গন্ধে। দেশ বিদেশ থেকে বইপাগলের দল বইমেলার টানে কলকাতায় ধেয়ে আসে। সারাবছর ধরে বেছে রাখা বইয়ের তালিকার ছোঁয়ায় হাত নিশপিশ করা শুরু হয়। অফিস কাছারি, স্কুল কলেজ, ঘর-গৃহস্থলি সামলে বাঙালি দলে দলে উঠে আসে বাসে, যার সামনের কাচে আঠা দিয়ে সেঁটে দেওয়া সাদা কাগজে মোটা অক্ষরে লেখা থাকে, “বইমেলা যাইবে”।
আর সকাল থেকে সন্ধে মনের ভিতর গুনগুনিয়ে ওঠে একটা গান, “ওই ডাকছে বই…” (Oi Dakchhe Boi)। বিক্রম ঘোষের সুরে, সুগত গুহর কথায় বইমেলার এই থিম গান প্রথম শোনা গেল ২০০৯ সালে বইমেলার মাঠে। সে বছরই ময়দান থেকে সরে প্রথম বইমেলা সায়েন্সসিটি মিলনমেলা প্রাঙ্গনে। ময়দানের মতো সেই মাঠেও ছিল প্রকৃত অর্থে “বইমেলা ধুলো, গার্গী শ্রেয়সী”-র ধূলিধূসরিত বইমেলা। শুভমিতা, শ্রীকান্ত আচার্য্য, লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর বাগচী, রূপম ইসলাম, রূপরেখা, প্রতীক চৌধুরী, বিক্রম ঘোষ এবং পুলক গলা মিলিয়েছিলেন সেই গানে। শ্রুতিমধুর সুর, মোহমুগ্ধকর কথা এবং অসামান্য সমস্ত শিল্পীকন্ঠের জন্য এই গান বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বইমেলার গেট পার হলেই তখন এই গান সকলের মনে মনে বেজে উঠত। কলকাতা বইমেলা মানেই যেন “ওই ডাকছে বই”-এর হাতছানি। এই গানের তালে তালে পা চালিয়ে বইপোকার দল এক স্টল থেকে অন্য স্টলে বই শিকার করে বেরিয়েছেন এরপরের বেশ কয়েক বছর। খেয়াল করা উচিত, এটি শুধুমাত্র কলকাতা বইমেলার থিম সং, কোনো চলচ্চিত্র বা ব্যান্ডের গান নয়। তবু ইউটিউবে “ওই ডাকছে বই” গানের ভিডিওটি এখন অবধি শোনা হয়েছে সাড়ে পাঁচ হাজারেরও বেশিবার।
এখন আর ধুলো ওড়ে না কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। “ওই ডাকছে বই”- এর হাতছানিও শোনা যায় না ২০১৪ থেকে। সে বছর ঊষা উত্থুপ গাইলেন বইমেলার নতুন থিম সং- “এই পৃথিবীর শব্দ আমার দুই মলাটে বন্দি/ চলো এবার সবাই মিলে বই পড়াতে মন দিই”। গানের কথা লিখলেন শ্রীজাত। ইংরেজিতেও এই গান বাজানো হল বইমেলায়। তবু “ওই ডাকছে বই”-এর মোহময় আহ্বান যেন ধরা দিল না এই নতুন গানে। ইউটিউবে এই গানের বাংলা ভার্সানটি শোনা হয়েছে ১২০০ বার।
২০১৬-য় রাজীবের কথায়, পর্ণাভ ব্যানার্জির সুরে গাওয়া হল নতুন থিম সং, “হই হই করে এলো বইমেলা দিন, বইপোকাদের হাতে প্রদীপের জিন…”, গানটি মন ছুঁলো সকলের। ২০১৮ সালে বইমেলার থিম সং আবার বদলানো হল। এবারে গানটি গাইলেন রণজয় ভট্টাচার্য। “গোটা পৃথিবীকে পড়তে পারো/ কলকাতা বইমেলায়/ বলো আজ উড়বে না কি/ বইয়ের ডানায় ডানায়”। সুমধুর সুরে গানটি “ফঁয়ার দ্য লিভে” অথবা বইমেলাতে পাঠকের হৃদয় ছুঁতে সক্ষম হয়েছে। লিটল ম্যাগাজিনের ছোটো ছোটো পায়ে দেখা স্বপ্নের কথাও বলে যেতে পেরেছে এই গান। মাত্র দুই বছরে ইউটিউবে এই গানের শ্রোতার সংখ্যা সব মিলিয়ে চার হাজারের বেশি। এরপর ২০১৯ সালে রাজীব দত্তর কথায়, পর্ণাভ ব্যানার্জির সুরে ও কন্ঠে তৈরি হল কলকাতা বইমেলার থিম সং, “আমাকে ডেকে নিও এভাবে প্রতিবার প্রিয় কলকাতা বইমেলা”।
এভাবেই গানে গানে বইয়ের টানে হ্যামলিনের বাঁশিওয়ালার মত কলকাতা বইমেলা ডেকে নিক বইপ্রেমীদের। বইয়ের নেশা জাঁকিয়ে বসুক বাঙালির দ্বিতীয় কার্নিভাল- কলকাতা বইমেলায়।

