
সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের জেরে বাসা হারিয়েছে বহু পাখি
গত বছর আমফানের সময় বাসা হারিয়েছিল বহু পাখি। এবছরও সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের জেরে ঘটেছে একই ঘটনা। তাই নিরাশ্রয় পাখিদের কথা ভেবে দৃষ্টান্ত তৈরি করল আমতার পরিবেশপ্রেমী সংগঠন ‘প্রয়াস’। গাছে গাছে কৃত্রিম ঘর বেঁধে পাখিদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে তারা।
এবার সেভাবে ঝড় না হলেও ঝোড়ো হাওয়া এবং তুমুল বৃষ্টির জেরে বহু পাখির বাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমতা-২ ব্লকের কামারগোড়িয়া থেকে পূর্ব খালনা বাঁধের মাঠ এলাকায় মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রায় ৫০টি গাছে মাটির হাড়ি বেঁধে কৃত্রিম বাসস্থান তৈরি করে দিয়েছেন প্রয়াসের সদস্যরা।
গতবার আমফান পরবর্তী সময়ে একই উদ্যোগ দেখা গিয়েছিল শান্তিপুর ও হাওড়ায় । পাখিদের এই সমস্যার সমাধান করতে এগিয়ে এসেছিল শান্তিপুর এবং গ্রামীণ হাওড়ার যুবক দল। পাশাপাশি সামাজিক বনসৃজনের পরিকল্পনাও করেছিল ‘হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ’ নামে হাওড়ার যুবক দলের ওই সংগঠন। এবং গোটা জেলা জুড়ে পাখির বাসা তৈরি করার উদ্যোগ নিয়েছিল তারা। ইয়াস-এর পরে কীভাবে সমস্ত পশু পাখিদের পুনর্বাসন দেওয়া যায় তা নিয়ে কাজ করতে শুরু করেছিল এই সংগঠনই। ঝড় ঝঞ্ঝা অতিবৃষ্টি বন্যা ও যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় ও পরে গাছপালা পশুপাখি ও সামগ্রিক প্রকৃতি পরিবেশের লক্ষ্যে কড়া নজর রাখছে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ। জেলা জুড়ে বিভিন্ন ব্লকের কর্মীদের হেল্পলাইন নম্বরও রয়েছে।
