বাংলার হেঁসেলের গুপ্তধন: মুলোর পাতুরি

সর্ষে-পোস্ততে এই পাতুরির স্বাদ খোলে না। উপকরণে চমক, স্বাদেও…

গুপ্তধন কি গাছে ফলে? প্রকাশ্যে গাছে ফললে আর গুপ্ত হল কীভাবে? কিন্তু, গাছে ফলা আনাজি-পাতিও যে গুপ্তধনের উপকরণ হতে পারে, তা বাংলার হেঁসেলে উঁকি না মারলে বোঝা মুস্কিল। এমনিতে, প্রায় সব জাতির হেঁসেলেই এমন কিছু লুকোনো পদ আছে, যার হদিশ উত্তরপুরুষেরাও সহজে পায় না। সেগুলিও এক জাতের গুপ্তধন বৈ কি। খুঁজে পেতে হলে স্বাদের সাধনা করতে হয়। তবেই না মিলবে। 

আজ তেমনই এক রেসিপি। পাতুরি অথচ নিরামিষ। সে অবশ্য পনিরের পাতুরিও নিরামিষ। কিন্তু, এ হল ঘোর নিরামিষ। প্রাণীজ উপাদানের ছিঁটেফোঁটাও এতে নেই। মূল উপকরণ হল মুলো। শুনে নাক সিঁটকোচ্ছেন নাকি? খেলে কিন্তু বিশ্বাসই হবে না মুলো দিয়েও এমন রেসিপি তায় আবার পাতুরি রাঁধা সম্ভব। সম্ভব তো বটেই। বাংলার হেঁসেলের গুপ্তধন যে। কত বয়স বলুন তো এই রেসিপির? তাবড় তাবড় রেস্তোরাঁতেও মিলবে না এই পদ। বলা ভালো, বিশ্বের পাতেও রীতিমতো শোরগোল ফেলতে পারে বাংলার ঐতিহ্য-মাখানো এই পদ। 

তবে, চমক আরো আছে। এমনিতে, পাতুরি তো সবাই সর্ষে-পোস্ত বাটা দিয়েই করে। এই পাতুরির চাহিদা খানিক আলাদা। মটর ডাল আর নারকেল কোড়া দিয়ে একে রাঁধাই দস্তুর। তবে, চাইলে সর্ষেবাটা, পোস্তবাটা দিয়েও রাঁধতে পারেন। স্বাদটা বদলাবে। তবে, মুলো বাছাইয়ের সময় ঝাঁঝালো মুলো না, মিষ্টি মুলোই কিন্তু কিনবেন খেয়াল করে। ঝাঁঝালো মুলোয় স্বাদের অনেকটাই দফারফা হয়ে যাবে কিন্তু।

আর, মিষ্টি মুলো দিয়ে জমিয়ে এই পদ যদি রাঁধতে পারেন— গুপ্তধনের মালিক তখন আপনিও। শীতের আমেজে গরম গরম ভাতে অল্প তেল দিয়ে মুলোর পাতুরি। স্বর্গ যদি কোথাও থাকে, তবে তা এখানেই…

উপকরণ:
মুলো- ৪টে 
মটর ডাল- ২৫০ গ্রাম 
রসুন- ৩ কোয়া
কাঁচালঙ্কা কুচি- ৩টে
নারকেল কোড়া- ২০০ গ্রাম
ধনেপাতা কুচি- পরিমাণ বুঝে 
সরষের তেল, নুন, চিনি পরিমাণ মতো 
কলাপাতা

প্রণালি:
আগে মটরডাল ভালো করে ধুয়ে অন্তত তিন ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর সেই ডাল অল্প নুন, ১টা গোটা কাঁচালঙ্কা, রসুনকোয়া সহযোগে বেটে নিন।

মুলোগুলো ভালো করে ঘষুনি দিয়ে ঘষে, চিপে জল বার করে নিন। তারপর, একটি পাত্রে সেই মুলোর পেস্টে ডালবাটা, নারকেল কোড়া, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন, চিনি খানিকটা সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। পাতুরির জন্য কলাপাতাগুলো ভালো করে ধুয়ে একবার আগুনে ভালো করে সেঁকে নিতে হবে। তারপর, সেঁকে নেওয়া কলাপাতার মধ্যে মুলোর মিশ্রণটি যেমন ইচ্ছে আকার দিয়ে, তাতে ওপর দিয়ে সরষের তেল দিন এবং কলাপাতাটি সুতো দিয়ে ভালো করে বেঁধে নিন। 

এরপর, কড়াইয়ে বা ফ্রায়িং প্যানে অল্প তেল দিয়ে কলাপাতায় মোড়া মুলোর মিশ্রণ অল্প আঁচে তৈরি হতে দিন। ঢাকা দিয়ে দিন। রান্নাটি হতে সময় লাগবে। মাঝে মাঝে ঢাকা তুলে এপিঠ-ওপিঠ উল্টে দিতে হবে। পাতা পোড়ার গন্ধ বেরোলে গ্যাস বন্ধ করে দিন। ব্যাস, পাতুরি রেডি।

Developed by DXDasia