
এটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র ২০০ টাকা
লকডাউনের মধ্যে বাড়িতেই বিশেষ ধরনের মাস্ক তৈরি করে সাড়া ফেলল মেমারির এক স্কুলছাত্রী। এই মাস্ক করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সক্ষম। ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কোভিড-১৯ সলিউশন চ্যালেঞ্জে ঠাঁই পেয়েছে তার এই মাস্ক।
পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির (শাখা-২)-এর ছাত্রী দিগন্তিকা বসু। বর্তমানে একাদশ শ্রেণিতে পাঠরত। সম্প্রতি বানানো তার এই মাস্কের পোশাকি নাম ‘পিওর এয়ার প্রোভাইডার অ্যান্ড ভাইরাস ডেস্ট্রয়ার মাস্ক’। এটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র ২০০ টাকা। এই আবিষ্কার স্থান পেয়েছে ওড়িশার বীর সুন্দর সাই ইউনিভার্সিটি অফ টেকনোলজির আইডিয়া ইনোভেশন শাখা ‘হ্যাক ফর কোভিড-১৯’-এ। ভারত সরকারের প্রযুক্তি বিভাগ এই মাস্কের কার্যকারিতা খতিয়ে দেখেছে। খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে এটি।
দিগন্তিকা জানিয়েছে, তার আবিষ্কৃত মাস্ক কেউ পরলে শ্বাস নেওয়ার সময় ফুসফুসে ধূলিকনা মুক্ত বাতাস প্রবেশ করবে। আর করোনায় আক্রান্ত কোনো ব্যক্তি এই মাস্ক পরলে তার নিঃশ্বাস, হাঁচি, কাশি থেকে বেরোনো ড্রপলেট বা অন্য কোনোভাবে নির্গত ভাইরাসকে নষ্ট করতে পারবে এটি। দিগন্তিকার বিজ্ঞানসাধনা আগেও তাক লাগিয়ে দিয়েছিল। এবার করোনাযুদ্ধেও সামিল হল তার আবিষ্কার।
