সেলুলয়েড নয়, মঞ্চে ফিরছে মহাভারতের বিস্তৃত এক অধ্যায়

নাটকে দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করবেন সোহিনী সরকার

সমস্ত পুরাণ কাহিনির মধ্যে একমাত্র মহাভারত এমন একটা আখ্যান, যেখানে পৃথিবীর সমস্ত মনুষ্যজাতির চরিত্র বর্তমান। তাই সেলুলয়েড থেকে নাট্যমঞ্চ, সাহিত্য থেকে চিত্রশিল্প সমস্ত মাধ্যমেই মহাভারতকে নিয়ে বিস্তৃত কাজ হয়েছে। আগেও হয়েছে, এখনও হচ্ছে। কারণ সমাজ-রাজনীতি-অর্থনীতিতে এখনও ভীষণভাবে সমসাময়িক মহাভারতের প্রায় প্রত্যেকটি চরিত্র। এবার মহাভারত নতুন আঙ্গিকে ফিরে আসছে নাট্যমঞ্চে। এই দীর্ঘ মহাকাব্যের উপর নাটক লিখেছেন অর্ণ মুখোপাধ্যায়। পরিবেশনার দায়িত্বে কলকাতার বহু পুরোনো দল নটধা।

ফেসবুকে পরিচালক অর্ণ কয়েকটি পোস্টার প্রকাশ করেছেন। তার মধ্যে একটিতে রয়েছে পাশাখেলার ছবি। যে পাশাকে কেন্দ্র করে পাল্টে গিয়েছিল কৌরব আর পাণ্ডবের জীবনপথ। সেই পাশাই মহাভারতের আসল ‘হিরো’। তার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই পোস্টার। পাশার দুইদিকে দুটি হাত শুভ ও অশুভের দ্বন্দ্বে ক্রমবর্ধমান। মাঝের একটি হাত সাধারণ মানুষের। কারণ তাকেই তো শুভ আর অশুভের জাঁতাকলে পড়তে হয় বারবার। এই নাটকে দুর্যোধনের চরিত্রে অভিনয় করছেন অর্ণ স্বয়ং। এখানে দুর্যোধন একক ক্ষমতার অধিকারী হয়ে থাকতে চান। তাঁর মতে, একটিই স্বর থাকবে আদেশ দেওয়ার জন্য, আর বাকি সমস্ত কণ্ঠ রোধ করা হবে। এই প্রযোজনায় এক ত্রিকোণ আবর্ত গড়ে উঠবে। একদিকে পাণ্ডবরা, অন্যদিকে কৌরবরা। আর এই দুইকে নিয়ন্ত্রণ করছেন কৃষ্ণ।

বিভিন্ন জায়গায় অর্ণ মুখোপাধ্যায় বলেছেন ‘মহাভারত’ তাঁর কাছে একটি ড্রিম প্রজেক্ট। নাটক লেখার সময় অনেককিছু ভেবেছেন। অনেকদিন ধরেই সংলাপের কাজ চলেছে। কাস্টিং-এর ক্ষেত্রেও অনেক ভাবনাচিন্তা কাজ করেছে। নাটকে দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করবেন সোহিনী সরকার। সোহিনীকে সিলভার স্ক্রিনে বেশি দেখা গেলেও ইতিমধ্যে মঞ্চে অনেকগুলি কাজ করে ফেলেছেন। পরিচালক অর্ণ নিজে অভিনয় করবেন দুর্যোধনের চরিত্রে। অভিনেতা কৌশিক চট্টোপাধ্যায়কে দেখা যাবে ধৃতরাষ্ট্রের চরিত্রে। গান্ধারির চরিত্রে অভিনয় করবেন সাধনা মুখোপাধ্যায়। কৃষ্ণের ভূমিকায় রয়েছেন রুদ্ররূপ মুখোপাধ্যায়, ভীম সুমিত পাঁজা, অর্জুন অর্পণ ঘোষাল, অভিমন্যুর ভূমিকায় ঋষভ বসু। টালমাটাল এবং পালাবদলের এই সময়কে মহাকাব্যের আঙ্গিকে কতখানি ব্যাখ্যা করতে পারলো এই নাটক, তা জানতে অপেক্ষা সামান্যই। আগামী ২৮ এপ্রিল আকাদেমিতে দুপুর এবং সন্ধ্যায় প্রথমবারের জন্য পর পর অভিনীত হবে নটধা প্রযোজিত ‘মহাভারত’। 

নাটকটি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা উপচে পড়ছে অর্ণর ফেসবুকে প্রোফাইলে। নটধা বহু বছর ধরে উল্লেখযোগ্য প্রযোজনা উপহার দিয়ে এসেছে দর্শকদের। সম্প্রতি খুবই উল্লেখযোগ্য দুটি প্রযোজনা ‘অথৈ’ এবং ‘বহুবলী’। অর্ণ মুখোপাধ্যায় থিয়েটার ছাড়াও হাত পাকাচ্ছেন রূপোলী পর্দায়। দেব এন্টারটেইনমেন্ট প্রযোজনার দুটি ছবি ‘কবীর’ এবং ‘হইচই আনলিমিটেড’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাঁকে। অর্ণর নতুন নাটক ‘মহাভারত’ও দর্শকদের হতাশ করবে না। তবে অধিকাংশ দর্শকের নজর কাড়ছে অভিনেত্রী সোহিনী সরকারের নাম। মহাভারত নিয়ে আমাদের দেশে গবেষণার শেষ নেই। সেখানে এই প্রযোজনা কতখানি নতুন কথা বলতে পারে তা সময়ই বলবে।

Developed by DXDasia