সেল্‌সম্যানের সংসারে ভিন্নরূপী অঞ্জন দত্ত

প্রেক্ষাপটে রয়েছে ১৯৫০ সালের নিউইয়র্ক

আর্থার মিলারের ‘ডেথ অফ আ সেল্‌সম্যান’ অবলম্বনে ‘সেল্‌সম্যানের সংসার’ নাটকটি তৈরি করেছেন অঞ্জন দত্ত। এই বছর জানুয়ারিতে ছিল তার প্রথম অভিনয়। তারপর মার্চে দুইবার মঞ্চস্থ হয়েছে। এপ্রিলে আবার মঞ্চে ফিরছেন অঞ্জন দত্ত। এই নাটকে মধ্যবিত্ত সমাজের ক্রাইসিসটা ধরতে চেয়েছেন পরিচালক। সাংসারিক দিক থেকে সমাজ বা রাজনীতিকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা থেকেই নির্মিত এই নাটক। মূল নাটকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই ভোগবাদী সমাজের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে লড়াই করতে করতে কীভাবে মানুষ হিসেবে নিজেকে হারিয়ে ফেলছে- সেই কথাগুলিই উঠে এসেছে সেই নাটকে। 

মূল নাটক তেমন বদলানো হয়নি। প্রেক্ষাপটে রয়েছে ১৯৫০ সালের নিউইয়র্ক। পোশাকও তখনকার মতোই। এখানে বাবা-ছেলের সম্পর্ক অন্য মাত্রায় উঠে এসেছে। ছোটো ছেলে কিছুতেই হার স্বীকার করতে পারছে না। আর বড়ো ছেলে বাবার তৈরি করা আদর্শ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। বাবা-ছেলের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু দুটো প্রজন্মের মধ্যে চলছে একটা ভয়ঙ্কর ক্রাইসিস। ক্যাপিটালিজম থেকে উদ্ভুত আমাদের জীবনে যে ক্রাইসিস, সেইসব নিয়েই দর্শকদের কাছে প্রশ্ন রাখতে চান অঞ্জন।

এই নাটকে উইলি লোম্যানের চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত স্বয়ং। বড়ো ও ছোটো ছেলের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে সুপ্রভাত দাস এবং অরিন্দম চ্যাটার্জি। আগামী ১১ ও ১২ এপ্রিল কলকাতার জ্ঞান মঞ্চে প্রায় একমাস পর ফিরতে চলেছে ‘সেল্‌সম্যানের সংসার’। আগের বেশ কয়েকটি অভিনয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। বাংলা থিয়েটারের দর্শক এই প্রযোজনাটি আবার দেখার জন্য মুখিয়ে আছেন।

Developed by DXDasia