২৭তম বছরে পদার্পণ করলো KIFF
সোমবার, ২৫ এপ্রিল নজরুল মঞ্চে শুভ উদ্বোধন হয়ে গেল ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (27th Kolkata International Film Festival)। করোনার কারণে এ বছর জানুয়ারি মাসে এই উৎসব হয়নি। সেই কারণেই চলতি বছরে এপ্রিল মাসে উৎসব করার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী, আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের সূচনা করলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) এবং তাঁর স্ত্রী পুনম সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রশাসনিক বিভাগের কর্মকর্তারা, রাজ্যের বিশিষ্ট মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, বিরবাহা হাঁসদা, বাবুল সুপ্রিয়, ফিরহাদ হাকিম, শতাব্দী রায়, সোহম চক্রবর্তী, চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ। উপস্থিত ছিলেন টলিউডের শিল্পী, কলাকুশলীরা।
ফেস্টিভ্যালের ব্রসিওর এবং অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) স্মৃতিতে বুকলেট প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “বারুইপুরে অত্যাধুনিক স্টুডিও ও টালিগঞ্জে চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও) বানিয়েছি আমরা। বাংলা সিনেমার জৌলুস অনেক বেড়েছে। নাহলে বাইরের ৪৭টা দেশ কলকাতা চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করত না। মনুষ্যত্ব তৈরি করা সিনেমার দায়িত্ব। রাধা স্টুডিওতে (Radha Studio) চলচ্চিত্র বিষয়ক পূর্বাঞ্চলের প্রথম আর্কাইভ হচ্ছে। পাশেই ছয় তলা বিশিষ্ট ভবন নির্মিত হচ্ছে, যেখানে তৈরি হচ্ছে বিশেষ সিনে মিউজিয়াম। চলচ্চিত্র শতবর্ষ ভবনের রাধা স্টুডিওতে নিয়মিত ছবিও দেখানো হবে।”
শত্রুঘ্ন সিনহা বলেন, “আমি মানিকদার ভক্ত ছিলাম, সারাজীবনই থাকবো। এছাড়া, গৌতমের (ঘোষ) কাছে আমি চিরঋণী থাকবো ওঁর ‘অন্তর্জলী যাত্রা’য় আমাকে নির্বাচন করার জন্য। অনেক কিছু শিখেছি বাংলা থেকে, বাংলা সিনেমা থেকে।”
এ বছর সত্যজিৎ রায়ের শতবর্ষ উপলক্ষ্যে কলকাতা চলচ্চিত্র উৎসবে তাঁকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হচ্ছে। পরিচালক গৌতম ঘোষ মনে করিয়ে দেন, কলকাতা চলচ্চিত্র উৎসবের সঙ্গে শুরু থেকে কীভাবে জড়িয়ে ছিলেন সত্যজিৎ রায় (Satyajit Ray) এবং কলকাতার দর্শক কতটা সিনেপ্রেমী। বক্তব্য রাখেন সন্দীপ রায়, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরমব্রত চট্টোপাধ্যায়, জুন মালিয়া।
করোনার কারণে অন্যান্য বছরের থেকে এবার অনুষ্ঠানের পরিসর কমানো হয়েছে। ছোট হয়েছে অতিথিদের তালিকাও। উৎসবের সূচনা হল সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ ছবিটি দিয়ে। ১ মে পর্যন্ত চলবে উৎসব।
প্রসঙ্গত, এবারের চলচ্চিত্র উৎসব পদে পদে বাধাপ্রাপ্ত হয়েছে। এক সময়ে ঠিক হয়েছিল জানুয়ারি মাসেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বদলে নবান্ন থেকে ভার্চুয়ালি উদ্বোধন হবে উৎসবের। কিন্তু সেই পরিকল্পনাও বাতিল হয়ে যায়। ভার্চুয়ালি এই উৎসবের সূচনা করতে রাজি হননি অনেকেই। তার মধ্যে করোনা আক্রান্ত হন উৎসবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী এবং আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়। শেষ পর্যন্ত ঠিক হয় ২৫ এপ্রিল উদ্বোধন হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।